 |
ঢাকা: গত বছরের জুন মাসের তুলনায় চলতি ২০১২ সালের জুন মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৯ শতাংশে। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে ইইরো জোন এবং এশীয় অর্থনৈতিক শক্তি জাপানের গৃহীত নানা পদক্ষেপের কারণে দেশগুলোতে চীনা পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই বাণিজ্য উদ্বৃত্তি ঘটেছে বলে জানিয়েছে চীনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ প্রসঙ্গে চীনের কেন্দ্রীয় শুল্ক বিভাগ জানায়, চলতি বছরের জুনে চীনের মোট রপ্তানি ছিল ১৮ হাজার ২১ কোটি ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেশি। অপর দিকে একই সময় আমদানি ৬ দশমিক ৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪৮ কোটি ডলারে।
এর ফলে জুন মাসে চীনের বাণিজ্য উদ্বৃত্ত হয়েছে ৩ হাজার ১৭৩ কোটি ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ৪২ দশমিক ৯ শতাংশ বেশি।
এ প্রসঙ্গে চীনা শুল্ক বিভাগের মুখপাত্র জেঙ ইউশেঙ বলেন, যদি ইউরোজোনের অর্থনৈতিক অবস্থা আরো খারাপ না হয়, তবে চলতি বছর আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে চীনের স্থিরকৃত প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ১০ শতাংশ অর্জন করা সম্ভব হবে।
সরকারি ঘোষণা অনুযায়ী চলতি বছরের প্রথম ছয়মাসে চীনের রপ্তানি ৯ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৩৮ কোটি ডলারে।। অপর দিকে আমদানি ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৮ হাজার ৫৪৬ কোটি ডলার।
ফলে চলতি বছরের প্রথম ছয়মাসে চীনের বানিজ্য উদ্বৃত্ত বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৮৯২ কোটি ডলারে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৫৬ দশমিক ৫ শতাংশ বেশি।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর