 |
ঢাকা: আগামী বছর ফেব্রুয়ারি মাসে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রী পরিষদের বৈঠকে নিজস্ব অর্থায়নে পদ্মসেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার পর প্রধানমন্ত্রী এ নির্দেশ দিয়েছেন।
বৈঠক শেষে একাধিক মন্ত্রী সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সব আনুষ্ঠানিকতা ও প্রস্তুতি শেষ করে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করতে করতে আগামী বছর ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় লাগতে পারে। তবে ফেব্রুয়ারিতেই যেনো কাজ শুরু হয়। ফেব্রুয়ারিতেই কাজ শুরু করতে হবে, এমন নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী।
দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
সূত্র আরও জানায়, এসময় প্রধানমন্ত্রী বলেছেন, “আমাদের পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। আমদানি করতে হবে না। যেহেতু খাদ্য আমদানি করতে হবে না, তাই পদ্মা সেতু নির্মাণে বৈদেশিক মুদ্রার কোনো সমস্যা হবে না।”
পাশাপাশি পদ্মা সেতু নির্মাণের কাজ আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ভেলকো দেওয়ার কথা প্রধানমন্ত্রী বৈঠকে জানিয়েছেন বলে সূত্র জানায়।
উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক এই নির্মাণ প্রতিষ্ঠানটি পদ্মা সেতু নির্মাণে দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান। তাছাড়া বঙ্গবন্ধু সেতু(যমুনা সেতু) ও ভৈরব সেতু নির্মাণে এই প্রতিষ্ঠানটি তত্ত্বাবধায়কের কাজ করেছিলো।
গত ৩০ জুন বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণের অর্থায়ন বাতিল করার পর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের এ সিদ্ধান্ত নেয়। এ সিদ্ধান্তের সময় বিশ্বব্যাংকের বিভিন্নয় বিষয় নিয়েও আলোচনা হয়। এ সময় বিশ্বব্যাংকের তিনটি চিঠির প্রসঙ্গও ওঠে বৈঠকে।
অথমন্ত্রী প্রসঙ্গটি তুললে প্রধানমন্ত্রী এ সময় বলেন, “যে চিঠিতে বিশ্বব্যাংক তিনটি চীনা কোম্পানিকে পদ্মা সেতুর কাজ দেওয়ার সুপারিশ করে। এই তিনটি এক ধরনের ধাপ্পাবাজ কোম্পানি।”
বিশ্বব্যাংককে অনুরোধ নয়, নির্মাণ কাজ শুরুর সিদ্ধান্ত সরকারের
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুলাই ০৯, ২০১২
এসকে/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর