ঢাকা: বিরোধীদলীয় নেত্রী রাজনীতির মাঠ ছেড়ে যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিদেশ ঘুরে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার হবেই।
শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপির সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের মুক্তি দাবির প্রতিবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
বঙ্গবন্ধু ম্মৃতি পরিষদ আয়োজিত এ সভায় তিনি বলেন, বিএনপি মুখে স্বাধীনতা- গণতন্ত্রের কথা বলে, কিন্তু ক্ষমতায় গিয়ে ভুলে যায়। যারা দেশের মানুষের জন্য কাজ করবে, জনগণ তাদেরই ভোট দেবে।
নির্বাচন এ সরকারের অধীনেই হবে, আর আওয়ামী লীগ আল্টিমেটামকে কেয়ার করে না বলেও উল্লেখ করেন তিনি।
সংগঠনের উপদেষ্টা নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহানগর আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হক সবুজ, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১১
এমএউএম/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর