 |
ইতালির ভেনিস নগরে আগামী ২৯ আগস্ট শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী ভেনিস চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্রে এ উৎসব ‘বেস্ট মুভি আর বিগেস্ট স্টারদের প্লাটফর্ম’ হিসেবে স্বীকৃত। এটি এ উৎসবের ৬৯তম আসর। আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত এ উৎসব চলবে।
এবার উৎসবের উদ্বোধন করবেন ইন্দো-আমেরিকান চলচ্চিত্র পরিচালক মিরা নায়ার। এই পরিচালকের ‘দ্য রিলাকট্যান্ট ফান্ডামেন্টালিস্ট’ ছবিটি প্রদর্শনের মধ্য দিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবের পর্দা উন্মোচিত হবে।
বিশ্বের প্রাচীনতম এ চলচ্চিত্র উৎসবটি যাত্রা শুরু করে ১৯৩২ সালে। এবার এটি পূর্ণ করছে তার ৮০ বছরের পথযাত্রা।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রধান পরিচালকের দায়িত্ব পালন করছেন আলবার্তো বারবেরা। সেরা তারকা ও চলচ্চিত্রগুলিকে তিনি ভেনিসে নিয়ে আসার চেষ্টা চালালেও এ বছর উপস্থিত থাকতে পারছেন না জর্জ ক্লুনি, অ্যাঞ্জেলিনা জোলি ও জনি ডেপ- এর মতো হলিউড তারকারা। তাদের বদলে দেখা যাবে অনেক উঠতি তারকাদের। জ্যাক এফ্রন ও শিয়া লাব্যোফের মতো তরুণ অভিনেতাদের সঙ্গে অবশ্য অতীতের তারকা রবার্ট রেডফোর্ড ও জুলি ক্রিস্টিদেরও দেখা যাবে।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে অবাধ যৌনতা আর ধর্মীয় বক্তব্যবিরোধী ছবির প্রাধান্য থাকছে বলে অভিযোগ উঠেছে। উৎসবে প্রদর্শনের অপেক্ষায় থাকা পরিচালক ব্রায়ান ডিপালমার থ্রিলার ছবি ‘প্যাশন’, দক্ষিণ কোরিয়ার পরিচালক কিম কি ডুকয়ের ‘পিয়েটা’ আর টেরেন্স ম্যালিকের ‘টু দ্য ওয়ান্ডার’ ছবিগুলোতে যৌনতার ছড়াছড়ি সমালোচিত হতে পারে বলে বিশ্ব চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন। পাশাপাশি প্রথাবিরোধী ধর্মাচরণ নিয়ে পরিচালক পল টমাস অ্যান্ডারসনের ‘দ্য মাস্টার’ ছবিটি উৎসবে স্থান পাওয়ায় এবারের উৎসব বিতর্কিত হয়ে উঠতে পারে বলে অনেকের ধারণা।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে মোট ৫২টি ছবি। এর মধ্যে নারী ও পুরুষ পরিচালকদের ছবি থাকছে সমান, অর্থ্যাৎ ২১টি ছবির পরিচালক পুরুষ এবং ২১টি ছবির পরিচালক নারী। নারী ও পুরুষ পরিচালকের এই সমতা এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবের একটি উল্লেখযোগ্য দিক।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১২
সম্পাদনা: বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর