‘ঘেটুপুত্র কমলা’-এর বিশেষ প্রদর্শনীতে হুমায়ূন আহমেদ
বিনোদন প্রতিবেদক বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বন্ধু ও শুভানুধ্যায়ীদের সঙ্গে নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ দেখলেন তার নতুন ছবি ‘ঘেটুপুত্র কমলা’। প্রদর্শনীতে আরো ছিলেন ছবিটির কুশীলব ও কলাকুশলী। স্টার সিনেপ্লেক্সে গত মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে এ বিশেষ প্রদর্শনী।
সম্প্রতি বন্ধুদের নিয়ে বড়পর্দায় হুমায়ূন আহমেদ তার নতুন ছবি ‘ঘেটুপুত্র কমলা’ দেখার আগ্রহের কথা জানান। ছবির প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম হুমায়ূন আহমেদের এই আগ্রহের প্রতি সম্মান জানিয়ে আয়োজন করে এই বিশেষ প্রদর্শনী। লেখকের নির্বাচিত অতিথিরাই কেবল এ প্রদর্শনী দেখার সুযোগ পান।
হুমায়ূন আহমেদের আমন্ত্রণে সাড়া দিয়ে স্টার সিনেপ্লেক্সে উপস্থিত ছিলেন দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ, সৈয়দ সালাহউদ্দিন জাকি, নওয়াজীশ আলী খান, তারিক আনাম খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, চলচ্চিত্র ব্যক্তিত্ব আমজাদ হোসেন, আবদুল লতিফ বাচ্চু, জাদুকর জুয়েল আইচ, বিশিষ্ট অভিনেত্রী নিমা রহমান, মুনিরা বেগম মিমি, তমালিকা কর্মকার, বিশিষ্ট অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রাণ রায়, গণসংগীত শিল্পী কুদ্দুস বয়াতীসহ অনেকেই।
প্রদর্শনীর আগে ফারজানা ব্রাউনিয়ার সঞ্চলনায় অনুষ্ঠিত হয়ে ঘরোয়া পরিসরে সংক্ষিপ্ত আলোচনা। স্বাগত বক্তব্যে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, হুমায়ূন আহমেদকে ডাক্তার বলেছেন ভিড় থেকে দূরে থাকতে। কিন্তু তিনি শোনেননি। আমরাও চাই তিনি ডাক্তার থেকে দূরে থেকে আমাদের কাছে থাকুন।
এ সময় নিজের অনুভূতি প্রকাশ করে হুমায়ূন আহমেদ বলেন, মৃত্যুর পর একজন মানুষকে নিয়ে অনেক অনুষ্ঠান হয়। আমি নিজেকে ভাগ্যবান মনে করি কারণ জীবিত অবস্থাতে আমাকে নিয়ে অনেক অনুষ্ঠান। আমার ছবি দেখার ইচ্ছেকে খুব দ্রুত বাস্তবায়ন করায় ইমপ্রেসকে ধন্যবাদ।
‘ঘেটুপুত্র কমলা’ ছবিটি প্রদর্শনের পূর্বে ইমপ্রেস টেলিফিল্ম অনুষ্ঠানেহুমায়ূন আহমেদ পরিচালিত ছবিগুলো নিয়ে ‘এ জার্নি বাই হুমায়ূন আহমেদ’ নামে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করে।
বাংলাদেশ সময় ১৮২০, মে ৩১, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।