গাজীপুর: টঙ্গীতে ছিনতাইকারীর ঘুষিতে খলিলুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত খলিলুরের বাড়ি নেত্রকোনা জেলায়। তিনি আশুলিয়ার আমিন মডেল টাউন নামক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘‘রাত ৮টার দিকে টঙ্গীর বাটা সু’ ফ্যাক্টরির দক্ষিণে ঢাকা রোডের একটি ফাঁকা জায়গায় কয়েকজন ছিনতাইকারী খলিলের মালামাল ছিনিয়ে নেওয়ার সময় তাকে ঘুষি মারেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে টঙ্গী সরকারি হাসাপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’
এ ব্যাপারে কেউ আটক হয়নি।
রাত সাড়ে ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ টঙ্গী থানায় ছিল।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘন্টা, ০৩ আগস্ট, ২০১২
একেএম রিপন আনসারী/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর