ঢাকা: নির্বাচন কমিশনের (ইসি) শর্ত যথাযথ পালন করেনি জামায়াত। এ ব্যর্থতার কারণে দলটির নিবন্ধন বাতিল করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
রাজধানীর তোপখানায় বাংলাদেশের সাম্যবাদী দলের মহানগর কর্মী সভায় দলটির সাধারণ সম্পাদক ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া নির্বাচন কমিশনকে এ আহবান জানান। এ সময় জামায়াত-শিবিরের সঙ্গে সংলাপে না বসারও পরামর্শ দেন তিনি।
দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টিকারী জামায়াত-শিবির চক্রের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে এ কর্মী সভার আয়োজন করা হয়।
সাম্যবাদী দলের ঢাকা মহানগর কমিটির আহবায়ক কমরেড বাবুল বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশের সাম্যবাদী দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হামেদ শাহাবুদ্দিন, কবি সুনীল শীল, কমরেড হারুন চৌধুরী, সাইমুন হক আবদার প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় দিলীপ বড়ুয়া বলেন, “জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা হলে দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুস্থ ধারার রাজনীতি বিকশিত হবে। ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী জামায়াত স্বাধীনতার ৪২ বছর পরও একই ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।”
জামায়াত-শিবির চক্রের নৈরাজ্য প্রতিহত করতে সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পরামর্শ দেন তিনি।
দিলীপ বড়ুয়া আরো বলেন, “প্রধান বিরোধীদল বিএনপি ও জামায়াতের রাজনীতি একে অপরের পরিপূরক। বিএনপির আশ্রয়ে থেকে জামায়াত দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। মানবতা বিরোধীদের বিচার বানচালের অপচেষ্টা চালাচ্ছে।”
এ সময় তৃণমূল পর্যায়ে জামায়াতের গণবিরোধী রাজনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশ দেন দিলপি বড়ুয়া।
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
এসএমএ/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয়, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর eic@banglanews24.com