ঢাকা : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার টাকার অঙ্কে লেনদেন পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন ১৬৬ কোটি টাকায় নেমে এসেছে। দিনভর সাধারণ সূচক ২৩ পয়েন্ট হারিয়ে ৪ হাজার ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অব্যাহত পতনে বিনিয়োগকারীরা বাজার থেকে মুখ ফিরিয়ে নেওয়ায় লেনদেনে ধস নেমেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, এর আগে গত ২২ জুলাই লেনদেন হয়েছিল ১৮২ কোটি ৫ লাখ ১৮ হাজার টাকা। এদিন সূচক ছিল ৪ হাজার ১২৪ পয়েন্ট।
জানা গেছে, অব্যাহত পতনের কারণে বাজার থেকে ছোট-বড় সব ধরনের বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সক্রিয় না হলে মন্দা কাটবে না বলে মনে করছেন বাজার সংম্লিষ্টরা।
মঙ্গলবার সকাল থেকে ডিএসইতে সূচকের পতন দিয়ে লেনদেন শুরু হয়। তবে দিনভর সূচকের ওঠানামা ছিল। লেনদেন শুরুর প্রথম এক ঘন্টায় সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ২৫ পয়েন্টে নেমে আসে। এরপর সূচক বাড়তে শুরু করে এবং সাড়ে ১২ টায় ৪ হাজার ৬০ পয়েন্টে উঠে আসে। তবে দুপুরের পর থেকে আবারও সূচক কমতে শুরু করে এবং দুপুর ২ টায় প্রায় ৩০ পয়েন্ট কমে যায়। শেষ সময়ে এসে সূচক কিছুটা উর্ধ্বমুখী হয়ে ওঠে এবং দিনশেষে ২৩ পয়েন্ট কমে।
মঙ্গলবার লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ২৫ কোম্পানির শেয়ার দর। মঙ্গলবার ডিএসইতে মোট ৪ কোটি ৯৮ লাখ ৭৫ হাজার ৯৫১টি শেয়ারের লেনদেন হয়।
ডিএসইতে মঙ্গলবার দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- রিলায়েন্স ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, আরামিট, গ্লোবাল ইন্স্যুরেন্স, যমুনা অয়েল, বার্জার পেইন্ট, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এসিআই ফর্মুলেশন ও ইসলামী ইন্স্যুরেন্স।
দর কমার শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো- বঙ্গজ, উসমানিয়া গ্লাস, মিথুন নিটিং, তাল্লু স্পিনিং, এলআর গ্লোবাল, মডার্ন ডায়িং, শ্যামপুর সুগার, অ্যাটলাস বাংলাদেশ, মুন্নু স্টাফলার ও শমরিতা হসপিটাল।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সার্বিক মুল্য সূচক ৪৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৩২৫ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ১৬৪ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ১৪টি কোম্পানির শেয়ার দর। সিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২০ কোটি ৮৩ লাখ ৮ হাজার ৪৩০ টাকা।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘন্টা, ২৭ নভেম্বর ২০১২
জেবুন নেসা আলো/সম্পাদনা : সোহেল রহমান, সিনিয়র নিউজরুম এডিটর