 |
ঢাকা: পাকিস্তানের সহিংসতা কবলিত বেলুচিস্তানে ৯ নির্মাণ শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার মোটর সাইকেল আরোহী ৫-৬ জন বন্দুকধারী নির্মাণাধীন একটি সড়কে কর্মরত শ্রমিকদের ওপর এলোপাতাড়ি গুলি চালায়।
প্রাদেশিক রাজধানী কোয়েটার ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত দাশত শহরের নিকটবর্তী মাসটাংয়ে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয় সরকারি কর্মকর্তা ইরফান শাহ। হামলার পরপরই বন্দুকধারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় নয়জন নিহত এবং অপর চার নির্মাণ শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার পর থেকেই ওই স্থানের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে পাকিস্তানের এ দারিদ্র কবলিত প্রদেশটি পূর্ব থেকেবা শিয়া-সুন্নি সম্প্রদায়গত সংঘাতে বিপর্যস্ত।
পাশাপাশি প্রদেশের জাতীয়তাবাদী ও বিচ্ছিন্নতাবাদী ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপগুলো প্রায়ই পাকিস্তানের অন্যান্য অংশ থেকে আসা নাগরিকদের ওপর হামলা চালিয়ে থাকে।
বাংলাদেশ সময়:১৮৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর