রাজশাহী: গণমাধ্যমের সমালোচনা করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম বলেছেন, পত্রপত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া ও চ্যানেলের টক-শো দেখলে মনে হয়, দেশের কোনো উন্নয়নই হয়নি। অথচ বাস্তবে তার চিত্র ভিন্ন। প্রকৃত তথ্য তুলে ধরার জন্য গ্রামের তৃণমূল পর্যায়ে আসুন। কারণ, ঢাকায় বসে তা অনুধাবন করা সম্ভব নয়।
বাগমারা উপজেলার শিকদারী বাজারে বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) ৩৭১তম শাখা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এইচটি ইমাম বলেন, কৃষিতে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এটা দেশের জন্য বড় সাফল্য। কারণ, স্বাধীনতার পর দেশের সাড়ে ৭ কোটি মানুষকে দুবেলা খাওয়ানো ছিল কষ্টসাধ্য। এখন ১৬ কোটি মানুষের খাওয়ার অভাব নেই।
তিনি আরও বলেন, মহাজোট সরকারের সাড়ে ৩ বছরের সময়ে অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে দরিদ্রতা ও দুর্নীতি থেকে মুক্তি পেয়েছে দেশের মানুষ। এক সময় বিদেশে অনভিজ্ঞ লোক পাঠানো হতো। এখন আধুনিক শিক্ষায় শিক্ষিত এবং প্রযুক্তি বিদ্যায় দক্ষ জনশক্তি রপ্তানি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাকাব রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক আবদুল খালেক খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাগমারা-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাকাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড.এম. শাহ্ নওয়াজ আলি, জেলা প্রশাসক আবদুল হান্নান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নূরুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর