বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে নিয়মিত আয়োজন হিসেবে ঢাকায় ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব আগামী ১৩ থেকে ১৯ ডিসেম্বর। ২১ জুন বিকেলে রাজধানীর ধানমন্ডি বেঙ্গল শিল্পালয়ের বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উৎসব চেয়ারম্যান হাসনাত আব্দুল হাই, উৎসব ভাইস চেয়ারম্যান নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, মানযারে হাসিন মুরাদ, ফোরাম সভাপতি চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, উৎসব পরিচালক এন. রাশেদ চৌধুরী।
সঙবাদ সম্মেলনে বক্তারা জানান, ১৯৮৬ সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম প্রতিষ্ঠার পর ১৯৮৮ সাল থেকে নিয়মিত ভাবে দ্বি- বার্ষিক ভিত্তিতে আয়োজিত হয়ে আসছে এ উৎসব। বাংলাদেশের ছবির পাশাপাশি পৃথিবীর নানা দেশের স্বাধীন ধারার চলচ্চিত্র নিয়ে আয়োজন করা হয় এ উৎসবের। শুরুতে সাম্প্রতিক বিশ্বের চলচ্চিত্র ভাবনার সাথে দেশের দর্শকশ্রেণীর পরিচয় ঘটানো মূল উদ্দেশ্য হলেও বর্তমানে আন্তর্জাতিক চলচ্চিত্র পরিমন্ডলে গুরুত্বপূর্ণ এ উৎসবটি দেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক আয়োজন হিসেবে সমাদৃত হয়েছে।
পৃথিবীর প্রায় ৪০ টি দেশের ২০০ চলচ্চিত্র এ উৎসবে প্রদর্শিত হয়। এছাড়াও অন্যান্য আয়োজন হিসেবে থাকে আন্তর্জাতিক বক্তৃতা, জাতীয় সেমিনার, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ও বিশেষ প্রদর্শনী। উৎসবে অংশ নেন সাম্প্রতিক বিশ্বের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও ব্যাক্তিত্বরা।
বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ১৩ ডিসেম্বর বিকেল ৪ টায় সুফিয়া কামাল জাতীয় গণ-গ্রন্থাগার এর উন্মুক্ত চত্বরে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ উৎসবটি দক্ষিণ এশিয়ায় প্রথম এ ধরনের একটি চলচ্চিত্র উৎসব হিসেবে স্বীকৃত হয়ে আসছে। প্রতিবারের মতো এবারও উৎসবের মূল কেন্দ্র থাকছে বেগম সুফিয়া কামাল জাতীয় গণ গ্রন্থাগার অধিদপ্তরের মূল মিলনায়তন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমী, গ্যোটে ইন্সটিটিউট, জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও ছায়ানট মিলনায়তন একযোগে অনুষ্ঠিত হবে ১২তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র। এটি চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।
বাংলাদেশ সময় ১৯১০, জুন ২১, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক