 |
ঢাকা: ইসরায়েলের সাথে নতুন করে অস্ত্রবিরতি চুক্তিতে যেতে সম্মত হয়েছে ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাস। গাজায় ছয় দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিল হামাস।
এর আগে শনিবার ফিলিস্তিনে ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ না হলে মিশরীয় মধ্যস্থতায় হওয়া ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি থেকে বেরিয়ে আসার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে হামাস।
নতুন সিদ্ধান্তের ব্যাপারে হামাস নেতা আয়মান তাহা জানান, ‘ইসরায়েলে হামলা পুরোপুরি বন্ধ করতে আমাদেরকে অনুরোধ করেছে আমাদের মিশরীয় বন্ধু। সেক্ষেত্রে শান্তির বিনিময়ে শান্তি ফিরিয়ে আনতে আমাদের সম্মতির কথা মিশরকে জানিয়েছি আমরা।’
হামাসের সাথে ঘনিষ্ঠতা আছে এমন এক কর্মকর্তার সূত্রে জানা যায়, শনিবার দিনগত মধ্যরাত থেকেই অস্ত্রবিরতি কার্যকর হবে।
ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শনিবারেও গাজায় ইসরায়েলি হামলায় এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২৫ জন।
এ নিয়ে সোমবার থেকে শুরু করে গত ৬ দিনে ইসরায়েলি হামলায় ১৫ জন ফিলিস্তিনি নাগরিকের মৃত্যু হল।
তবে ইসরায়েলে সংঘটিত হামলার বিপরীতেই ফিলিস্তিনে এসব হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।
উল্লেখ্য, গত সোমবার সিনাই থেকে পরিচালিত এক সশস্ত্র হামলায় ইসরায়েলের দক্ষিণ সীমান্তে একজন বেসামরিক ইসরায়েলির মৃত্যুর মধ্য দিয়ে ইসরায়েল-ফিলিস্তিন হামলা-পাল্টা হামলা শুরু হয়।
বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার, নিউজরুম এডিটর