ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবীদের নিয়ে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত দশটায় গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
সূত্রমতে, রাতে অনুষ্ঠেয় বৈঠকে মূলত হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের প্রেক্ষাপটে আইনি করণীয় ও মামলা মোকাবেলার কৌশল নিয়েই আলোচনা হবে।
তবে ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে বলে জানিয়েছে দলীয় সূত্র।
এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হবে বৈঠকে।
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, আগস্ট ২, ২০১২
এমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটরjewel_mazhar@yahoo.com