 |
| ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: তিন জন বিদেশি খেলিয়েও ভিক্টোরিয়াকে ঠেকাতে পারেনি আবাহনী। উল্টো ভিক্টোরিয়ার কাছে পাঁচ উইকেটে হেরেছে আবাহনী।
এই ম্যাচ নিয়ে কত নাটকই না হয়েছে। ২৮ মার্চ মোহাম্মদ ইউসুফের নিবন্ধন ইস্যুতে খেলা শেষ না করে মাঠ থেকে উঠে গিয়েছিলো আবাহনী। নিয়ম অনুযায়ী পয়েন্ট দেওয়া হয়েছিলো ভিক্টোরিয়াকে। কিন্তু এনিয়ে অনেক জল ঘোলা হলে শেষে সুপার লিগের সবার সিদ্ধান্তে সম্পূর্ণ নতুন করে হয় আবাহনী ভিক্টোরিয়ার মধ্যকার সুপার লিগের খেলা। এবার খেলার মাঠে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছে।
ফতুল্লাহ খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯২ রানে গুটিয়ে যায় আবাহনী। মার্শাল আয়্যুব ৬৬, অধিনায়ক মাহমুদউল্লাহ ৩০, ফরহাদ রেজা ২১ রান করেন। তাদের তিন বিদেশির একজনও ভালো খেলতে পারেননি। পেসার আল আমীন, ইকবাল আব্দুল্ল, সাকিব আল হাসান ও মোশারফ হোসেন দুটি করে উইকেট নিয়ে আবাহনীর ইনিংসে ধ্বস নামান।
লক্ষ্য তাড়া করতে নেমে তামিম ইকবাল ২১, সৈকত আলী ২৬, সৌম্য সরকার ২২, জহুরুল ইসলাম ৩১ ও সাকিব আল হাসান ৮৫ রান করলে ৪০.১ ওভারে পাঁচ উইকেটে জয় নিশ্চিত হয় ভিক্টোরিয়ার।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর