 |
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহ শেষে সাধারণ সূচক ও লেনদেন উভয়ই কমেছে। গত সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক কমেছে ৩৬ দশমিক ১২ পয়েন্ট ও লেনদেন ২০ দশমিক ৬১ শতাংশ।
আগের সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক ছিল ৪ হাজার ৬৮২ দশমিক ১৯ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৪ হাজার ৬৪৬ দশমিক ০৭ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক কমেছে ৩৬ দশমিক ১২ পয়েন্ট বা ০ দশমিক ৭৭ শতাংশ।
অন্যদিকে গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসইর সূচক ও লেনদেনের ওঠানামা লক্ষ্য করা গেছে। এছাড়া কমেছে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন কমেছে ২০ দশমিক ৬১ শতাংশ। লেনদেন হয়েছে মোট ৪ হাজার ২৫৩ কোটি ৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫ হাজার ৩৫৬ কোটি ৯১ লাখ ৩২ হাজার ৮৮২টাকা।
সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ৫টির দাম। কোনো লেনদেন হয়নি ২টি প্রতিষ্ঠানের। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ১৭৯টির, কমেছে ৯৬টির ও অপরিবর্তিত ছিল ৬টির দাম। কোনো লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে ৫ কার্যদিবসের দৈনিক গড় লেনদেনও কমেছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ৮৫০ কোটি ৬০ লাখ ৭২ হাজার ৯০ টাকা; যেখানে এর আগের সপ্তাহে গড় ছিল এক হাজার ৭১ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ৫৭৬ টাকা । অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন কমেছে ২০ দশমিক ৬১ শতাংশ।
এছাড়া ডিএসইতে বেড়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ১১৮ কোটি ৮৯ লাখ ২ হাজার ৯০টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ১২৯ কোটি ৯৪ লাখ ৪৬ হাজার ৪৭০টি । সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন কমেছে ৮ দশমিক ৫১ শতাংশ।
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফান্ড (৩৯ দশমিক ৯০ শতাংশ দাম বাড়ে), আইসিবি ইমপ্লয়ি প্রভিডেন্ড মি. ফান্ড (৩৭ দশমিক ২৩ শতাংশ), ষষ্ঠ আইসিবি মি. ফান্ড (৩২ দশমিক ৭০ শতাংশ), গ্রামীণ-১ মি. ফান্ড (৩২ দশমিক ২১ শতাংশ), আইসিবি এএমসিএল ইসলামিক মি. ফান্ড (৩১ দশমিক ২৫ শতাংশ), সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মি. ফান্ড (২৭ দশমিক ১৭ শতাংশ), চতুথ আইসিবি মি. ফান্ড (২৬ দশমিক ০৩ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মি. ফান্ড (২৫ দশমিক ৫৬ শতাংশ), অষ্টম আইসিবি মি ফান্ড (২৫ দশমিক ২৮ শতাংশ) এবং ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মি. ফান্ড (২৩ দশমিক ৯৬ শতাংশ)।
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- আমরা টেকনোলজি (২৩ দশমিক ৮৩ শতাংশ দাম কমেছে), ইমাম বাটন (১৮ দশমিক ৭৫ শতাংশ), আইসিবি (১৮ দশমিক ৭৫ শতাংশ), ফার্মা এইড (১৪ দশমিক ৮৭ শতাংশ), ইউনাইটেড এয়ারওয়েজ (১৩ দশমিক ৬৫ শতাংশ), দুলামিয়া কটন মিল (১৩ দশমিক ৬৪ শতাংশ), সোনারগাঁও টেক্সটাইল (১২ দশমিক ৯৬ শতাংশ), রহিম টেক্সটাইল (১২ দশমিক ৫২ শতাংশ), জুট স্পিনিং (১২ দশমিক ৪০ শতাংশ) এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল (১২ দশমিক ২২ শতাংশ)।
বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১২
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর ও আদিত্য আরাফাত, সিনিয়র করেসপন্ডেন্ট