 |
শাহবাগ থেকে: চাকরি জাতীয়করণের দাবিতে স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে রওয়ানা হওয়া বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মিছিলটিকে শাহবাগে আটকে দিয়েছে পুলিশ।
দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রওয়ানা হওয়া কয়েক হাজার শিক্ষকের মিছিলটি শাহবাগে এসে পুলিশি ব্যারিকেডে আটকে যায়। এরপর সেখানেই অবস্থান নেয় তারা।
চাকরি জাতীয়করণের দাবি মেনে না নিলে বিকেল তিনটায় তারা লাগাতার অনশনে যাওয়ার ঘোষণা দেবেন বলে এর আগেই জানিয়েছিলেন।
এ প্রসঙ্গে দুপুর ১২টায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের মহাসচিব আব্দুর রহমান বাচ্চু বাংলানিউকে বলেন, ‘প্রধানমন্ত্রীর দপ্তরে যাওয়ার পথে বাধা দেওয়া হলে আমরা রাস্তাতেই অবস্থান নেবো।’
এছাড়া দাবি মানা না হলে বিকেল তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অনশনের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের পৃথক চারটি সংগঠন সোমবার দুপুর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট শুরু করে। বিকেল ৫টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোন সাড়া না পাওয়ায় রাতে শহীদ মিনারে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দেয় বেসরকারি শিক্ষক ঐক্য পরিষদ।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মে ১৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর