পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের পার্শ্ববর্তী দুটি গ্রামের কয়েকশ’ মানুষ পানি ও বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটক অবরোধ করে রাখে।
রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রবল বর্ষণের মাঝেও ৩ ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে তারা। অবরোধ চলাকালে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের ভেতরে প্রবেশ ও বাইরে বের হতে দেওয়া হয়নি।
এ সময় সমাবেশে বক্তব্য রাখেন, পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম, সদস্য আশরাফুল আলম ও হেলালুজ্জামান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালু হওয়ার পর থেকে পূর্ব শেরপুর, দক্ষিণ শেরপুর, রামভদ্রপুর, দুধীপুকুর ও ইসবপুরসহ আশপাশের গ্রামগুলোতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
তারা বলেন, বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি গভীর নলকুপ ২৪ ঘণ্টা চালু রাখায় ক্রমান্বয়ে গ্রামগুলোর নলকুপগুলো অকেজো হয়ে পড়েছে। এতে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
তারা বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলীর কাছে সমস্যা সমাধানের জন্য একাধিকবার বিষয়টি জানালেও তিনি কোনো পদক্ষেপ নেননি। বরং আমাদের গুরুত্বপূর্ণ এ দাবি নিয়ে তিনি তুচ্ছ তাচ্ছিল্লো করে এসময় প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক আমাদের বলেছেন, বিদ্যুৎ কেন্দ্রের চুলায় (বয়লার) আগুন জ্বললে তাদের চাকরি আছে, আগুন না জ্বললে তাদের চাকরি নাই। তাই কোথায় কি হলো তা তাদের দেখার বিষয় নয়।
অবরোধ কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল কয়লাখনি মোড় হয়ে ধাপের বাজার এলাকা প্রদক্ষিণ করে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মঞ্জুরুল হক বাংলানিউজকে মুঠোফোনে জানান, এলাকাবাসীর দাবির বিষয়টি দিনাজপুর জেলা প্রশাসনসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।
উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের আশপাশের গ্রামগুলোর পানি ও বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে দীর্ঘদিন থেকে আন্দোলন করে আসছে ক্ষতিগ্রস্তরা।
আন্দোলনকারীদের উল্লেখযোগ্য দাবি হচ্ছে, শিগগির ক্ষতিগ্রস্ত এলাকায় পানি সরবরাহ লাইনের অসমাপ্তকাজ শেষ করা, শেরপুর মৌজার প্রতিটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ, ধাপের বাজার হতে রামভদ্রপুর পর্যন্ত রাস্তা পাকা করা, ক্ষতিগ্রস্ত এলাকার প্রতিটি বাড়ি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরির ব্যবস্থাসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষে ৯ সেপ্টেম্বরে এ কর্মসূচি ঘোষণা করে পানি-বিদ্যুৎ সংগ্রাম কমিটি।
কর্মসূচির মধ্যে রয়েছে ১৬ সেপ্টেম্বর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র অবরোধ ও বিক্ষোভ মিছিল, ২ অক্টোবর লাঠি মিছিল ও ৬ নভেম্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পানির লাইন বিচ্ছিন্নকরণ ইত্যাদি।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর