খাগড়াছড়ি: জেলার লক্ষীছড়ি উপজেলার ময়ুরখীল এলাকায় বৃহস্পতিবার রাতে একটি এলজি ও ২ রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা।
আটক নির্মল চাকমা সম্প্রতি লক্ষীছড়িতে জনসংহতি সমিতির নেতা অনিল চাকমা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে ধারণা করছে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্র জানিয়েছে, সন্ত্রাসীরা ময়ুরখীলের দুর্গম একটি পাহাড়ে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের একটি টহলদল রাত সাড়ে ৮টার দিকে সে পাহাড় ঘিরে ফেলে। বিষয়টি বুঝতে পেরে সন্ত্রাসীরা তাদের ওপর গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় অন্য সন্ত্রাসীরা পালাতে সক্ষম হলেও নির্মল চাকমা আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সেনাবাহিনীর সদস্যদের হাতে ধরা পড়েন।
খাগড়াছড়ির সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) জহিরুল ইসলাম জানান, সেনাবাহিনীর পক্ষ থেকে অস্ত্র ও গুলিসহ আটক নির্মলকে লক্ষীছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জুন ১৫, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর