ঢাকা : জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য আন্দোলনের নেতারা সরকারকে দুর্বৃত্তদের সহযোগী আখ্যায়িত করেছেন।
নেতারা বলেন, সরকার মুখে নিজেকে শ্রমবান্ধব দাবি করলেও বাস্তবে দুর্বৃত্ত ও কালো টাকার মালিকদের সহায়তা দিয়ে যাচ্ছে।
বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিকদের জন্য সরকারি আবাসন, রেশনিং ও স্বাস্থ্যসেবা বিষয়ে বাজেটে সুস্পষ্ট ঘোষণার দাবিতে জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে।
সংগঠনের সভাপতি আলমগীর রনির সভাপতিত্বে মনববন্ধনে প্রধান অতিথি ছিলেন স্কপ নেতা আব্দুল কাদের হাওলাদার। আরো বক্তব্য রাখেন সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোকাদ্দেম হোসেন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ঐক্য আন্দোলনের নেতা লীনা ফেরদৌস, শাহাজান উদ্দিন শহিদ, ময়নুদ্দিন মণ্ডল প্রমুখ।
বক্তারা বলেন, দ্রব্যমূল্যের উর্ধগতি, লাগামহীন বাড়ি ভাড়া বাড়ায় শ্রমিকরা আজ দিশেহারা। আজ শ্রমিকদের পক্ষে কথা বলার কোনো মানুষ নেই। কিন্তু মনে রাখতে হবে, এখন শ্রমিকদের পক্ষে কথা বলার সময় এসেছে।
বক্তারা গার্মেন্টস শিল্পের বিকাশের লক্ষ্যে ট্রেড ইউনিয়ন বাস্তবায়নের দাবি জানান।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘন্টা, জুন ১৩, ২০১২
এমএ/আইএম/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর