ঢাকা: ঢাকার দুই সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক পদে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিল্লার রহমান এবং উত্তরের প্রশাসক পদে পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক শাজাহান আলী মোল্লা নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদশে এ দুই প্রশাসকের নিয়োগ দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ তাদের নিয়োগ দেবে।
গত বছরের ২৯ নভেম্বর ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) বিভক্ত করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন করা হয়। এর পর গত ৩ ডিসেম্বর দুই সিটি করপোরেশনে দুই অতিরিক্ত সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাকের দায়িত্ব পান খুরশেদ আলম এবং দক্ষিণের প্রশাসক হিসেকে দায়িত্ব পান খলিলুর রহমান।
এছাড়া, জনপ্রশান মন্ত্রণালয়ের আপর এক আদেশে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ খলিলুর রহমানকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক খোরশেদ আলম চৌধুরীকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে নিয়োগ করা হয়েছে।
সিটি করপোরেশন বিভক্তি সংক্রান্ত আইনে প্রথমে প্রশাসকদের মেয়াদ ছিল ৯০ দিন। এই সময়ের মধ্যে দুই সিটি করপোরেশনের নির্বাচন করার বিধান রাখা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচন করতে পারেনি।
এ কারণে সরকার আইন সংশোধন করে আরও ৯০ দিন সময় বাড়িয়ে ১৮০ দিন করে। কিন্তু পরবর্তী ৯০ দিনেও নির্বাচন করা যায়নি। নির্বাচনী তফসিল ঘোষণার পর একজন আইনজীবী উচ্চ আদালতে রিট করলে আদালত নির্বাচন কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন। এ অবস্থায় দ্বিতীয় দফায় বাড়ানো সময়সীমার ৯০ দিনও পূর্ণ হয় আজ বৃহস্পতিবার।
এ অবস্থায় প্রশাসকদের মেয়াদ বাড়ানো হবে নাকি নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হবে এ বিষয়ে মতামত চেয়ে আইন মন্ত্রণালয়কে চিঠি দেয় স্থানীয় সরকার বিভাগ। আইন মন্ত্রণালয় নতুন প্রশাসক নিয়োগের পক্ষে মত দেয়।
এরই আলোকে বৃহস্পতিবার সরকার ঢাকার দুই সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেয়।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, ৩১ মে, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর