ঢাকা: রাজধানীর উত্তরখান এলাকা থেকে ৫ হাজার ২০০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃতরা হচ্ছে- মো. রফিকুল ইসলাম ওরফে টেকনাইপ্পা রফিক (৩৫) ও আনোয়ার মাসুদ চৌধুরী ওরফে কিলার সুমন (২৭)।
বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয় বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল কবির বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর উত্তরখান থানা এলাকার শাহ কবির মাজারের পাশে রফিকুল ইসলামকে ১ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে উত্তরখান থানার মোসাইদ চালাবন এলাকার ৬০৭ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে আনোয়ার মাসুদকে ৩ হাজার ৬০০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে গুলশান সার্কেল পরিদর্শক আজিজুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে একটি মামলা করেছেন বলে জানান মো. নাজমুল কবির।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
এএমএন/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর