 |
| ছবি: উজ্জ্বল ধর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মেসার্স ফ্যান্টাসি নামে একটি আইসক্রিম কারখানা সিলগালা (বন্ধ) করে দিয়েছেন ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের নেতৃত্বে বিএসটিআই ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করে।
এদিন একইসঙ্গে কারখানার মালিক আমিনুল ইসলামকে বিশুদ্ধ খাদ্য আইনে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বিএসটিআইর উপ-পরিচালক এসএম ইসহাক আলী বাংলানিউজকে জানান, অভিযানের সময় কারখানাটিতে ময়লা পানি, বিষাক্ত ও খাদ্যে ব্যবহার অনুপোযোগী রং, নিষিদ্ধ সোডিয়াম সাইক্লোমেট (ঘন চিনি) পাওয়া গেছে।
এছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আম, কমলা, কলা ও আনারসের বিষাক্ত গন্ধ ব্যবহার করে আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া গেছে। শিশুদের জন্য লোভনীয় আইসক্রিমের বিভিন্ন নকল লেবেলও পাওয়া গেছে বলে তিনি জানান।
সূত্র জানায়, আদালত কারখানার উৎপাদন বন্ধ করে দিয়ে সেটি সিলগালা করে দেন। এছাড়া বন্ধ কারখানাটি রক্ষণাবেক্ষণের জন্য বাকলিয়া থানার ওসিকে নির্দেশ দেন আদালত।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডিজি/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর