ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত চারজন কর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের সামনে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ছাত্রদল সূত্র জানায়, মেসে থাকার টাকার লেনদেন নিয়ে ছাত্রদলের আহ্বায়ক গোলাম মওলা শাহীনের পক্ষের কর্মী মিল্লাতের সঙ্গে ছাত্রদল নেতা আজিজের সমর্থক জহির ও মুন্নার বাকবিতণ্ডা হয়।
পরে আজিজের সমর্থক অনি, সুমিত ও শাহীন পক্ষের কর্মী কায়সার সাব্বির ঘটনাস্থলে এসে উপস্থিত হলে তাদের মধ্যে মারামারিরর ঘটনা ঘটে।
খবর পেয়ে ক্যাম্পাসে উপস্থিত ছাত্রলীগ নেতারা ও জবি প্রক্টর অশোক কুমার সাহা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় উভয় পক্ষের ছাত্রদল কর্মী মুন্না, মিল্লাত (মনোবিজ্ঞান), জহির, রুমি (সাংবাদিকতা) আহত হয় বলে জানা গেছে। আহতরা স্থানীয় ক্লিনিকে জিকিৎসা নেয়।
জবি প্রক্টর অশোক কুমার সাহা বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থলে গেলে এতে জড়িতরা পালিয়ে যায়।’
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জুন ২৬, ২০১২
এমএমএস/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর