 |
আমার একটা অসুখ আছে
আমার একটা অসুখ আছে
ভীষণ বড় অসুখ আছে!
কথা ছিলো যখন আমি
চাপা ফুলের গন্ধ নেবো,
তোমার মনের ছন্দ খুঁজে
ভালোবাসায় অন্ধ হবো
হোক কিছুটা মন্দ হবো,
তখন আমি দ্বন্দ্বে থাকি।
সত্যি বলছি,
আমার একটা অসুখ আছে
ভীষণ রকম অসুখ আছে!
কথা ছিলো যখন আমি
সবুজ ধারায় স্নিগ্ধ হবো
তোমার ছায়ায় ঋদ্ধ হবো
নিপুণ মায়ায় মুগ্ধ হবো
হোক কিছুটা বিদ্ধ হবো,
তখন আমি অন্ধ থাকি।
সত্যি জেনো,
আমার একটা অসুখ আছে
কেমন একটা অসুখ আছে!
কথা ছিলো যখন আমি
চেনা সুরের কথা নিয়ে
তোমায় ভাবায় মগ্ন হবো
হোক কিছুটা ভগ্ন হবো।
তখন দেখি
বন্দী আমি নষ্ট খাঁচায়
সন্ধি আমার অষ্ট নেশায়।
সত্যি দেখো,
আমার একটা অসুখ আছে
কি যে ভীষণ অসুখ আছে!
এক পলকে
চলন্ত বাসের জানালা দিয়ে এক পলক,
বহু... বহুদিন পর তোমায় দেখলাম।
ছুটন্ত মনটা থমকে দাড়ালো খানিকক্ষণ,
তারপর হুস্ করে চলে গ্যাছো
আবার কোন আজানায়...
আমাকে রেখে গেলে রৌদ্রজ্জ্বল এক বিকেলের তীরে।
সেই হাসি মুখ,
পিচ রাস্তায় চিরচেনা গাছেদের মানচিত্রের
পাশে পাশে তোমার ছায়া।
দিনের পর দিনের কথারা
কলকাকলি হয়ে ফেরে যেখানে,
তোমার আমার পায়ের ছন্দে
হাতের গন্ধে
বাতাসের সাথে বৃক্ষপত্রের সম্পর্ক রচিত হয় যেখানে
সেখানে তুমি,
সেই তুমি
আজো হাস্যোজ্জ্বল তোমাতে ঘনায়মান।
ফুটপাথ দিয়ে হাঁটছো,
কাঁধ থেকে নেমে গ্যাছে বুকের উপর
ব্যাগের বেল্ট ক্রস হয়ে
কানে মুঠোফোন।
কোঁকড়া ঘনকৃষ্ণ চুল
বাতাসের সাথে কি এক খেলায় মেতেছে!
আর সানগ্লাসটা
বিকেলের শেষ আলোয়
একবার যখন ঝলকালো,
ছুটন্ত হৃদয়টা
আবার কেন দূরন্ত হল!
ভালোইতো ছিলাম ভুলে
শুধু বাইরে বেরুলে ভালোলাগায় বুক কাঁপতো
কী বলবো দেখা হলে ভেবে ।
কে জানতো তোমার চলে যাওয়া
আমার চোখে শহরটাকে রংহীন করে দেবে!
কে জানতো তোমাকে নিয়ে ধাবমান বিমানটি
নীলাকাশটাকে ভরে দেবে নিকষ কালো মেঘে!
কে জানতো তোমাকে আজ আঁকবো এভাবে কলমের তুলিতে।
ছুটন্ত মনটা আমার বহু...
বহু দিন বাদে থমকে দাড়ালো
এক পলকে নিথর হলো।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১২