বৃষ্টি ও রবীন্দ্রনাথ
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান
বুকের ভেতর উথলে ওঠে দারুণ অভিমান
অভিমানের গান গুলো সব বিষাদ মাখা সুরে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর বুকের অন্তপুরে
বৃষ্টি পড়ে টাপুর টুপুর বর্ষা ওঠে হেসে
বুকের ভেতর দালান কোঠা বৃষ্টিতে যায় ভেসে
তারই সঙ্গে ভাসে আমার স্বপ্ন অফুরান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এলো বান
বৃষ্টি পড়ে টাপুর টুপুর এই শহরের মাথায়
রবীন্দ্রনাথ ভিজতে থাকেন গীত বিতানের পাতায়
দুই হাতে তার বাদল দিনের প্রথম কদম ফুল
বৃষ্টি গুলো টাপুর টুপুর ছন্দেতে মশগুল।
বাদল দিনে-আমি ও রবীন্দ্রনাথ
‘বাদল দিনের প্রথম কদম ফুল’
তোমাকে দিয়েছি বলেই শহর ভীষণ হুলুস্থুল
রোদ্রেরা তাই হরতালে গেছে গুটিয়ে নিজের কাজ
বৃষ্টিরা কয় ‘এসো করো স্নান নবধারা জলে’ আজ
‘ভালোবেসে সখি নিভৃত যতনে’ তোমারি নামটি নিয়ে
নবধারা জলে ভিজে একাকার শহরের পথ দিয়ে
আমাকে দেখে ট্রাফিক পুলিশ থামায় মোড়ের গাড়ি
বরিষ ধারায় খুঁজে হয়রান কোথা শান্তির বারি!
শান্তি কোথায় শান্তি কোথায় শান্তিকে আজ খুঁজি
‘এই শ্রাবণের বুকের ভেতর আগুন আছে’ বুঝি?
সেই আগুনে রবীন্দ্রনাথ পুড়েছিলো বহু আগে
এতদিন পর আমি পুড়ি আজ সেই একই অনুরাগে।।
বাংলাদেশ সময়: ০৫০৭ ঘণ্টা, ৬ আগস্ট, ২০১২