চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় একটি ব্রিজ ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক খালে পড়ে গেছে। এতে ওই এলাকায় এ রাস্তা দিয়ে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা দুর্ঘটনা ঘটে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ভূঁইয়া বাংলানিউজকে বলেন, রয়েল সিমেন্ট নামে একটি কোম্পানির সিমেন্ট বোঝাইকৃত একটি ট্রাক ব্রিজ দিয়ে রাস্তা পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনাস্থল থেকে এএসআই জাহাঙ্গীর জানান, দুর্ঘটনার পর হালিশহরের ‘এ’ ও ‘বি’ ব্লকের সঙ্গে ওই রাস্তার যোগাযোগ বন্ধ রয়েছে। তবে অন্য পথ দিয়ে আসা-যাওয়া করা যাবে। সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক থেকে সিমেন্ট উদ্ধার প্রক্রিয়া চালিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর