 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
গাজীপুর: শুক্রবার সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদের ১৯৭ গাজীপুর-৪ (কাপাসিয়া) উপ-নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং অফিসার। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমি পেয়েছেন নৌকা, স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান মোরগ ও সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল পেয়েছেন কাস্তে।
গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থাপিত রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রিটার্নিং অফিসার মিহির সারোয়ার দুই জন প্রার্থীর উপস্থিতিতে ওই প্রতীক বরাদ্দ করেন। উপস্থিত প্রার্থী আফছার উদ্দিন খান ও আসাদুল্লাহ বাদল প্রতীক নির্বাচনের পর রিটার্নিং অফিসারের কাছ থেকে স্ব স্ব প্রতীক আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। এ সময় সিমিন হোসেন রিমি বা তার দলের কোন লোক উপস্থিত ছিলেন না।
প্রতীক নিয়ে রিটার্নিং অফিসারের সভা কক্ষ থেকে বের হওয়ার সময় অ্যাডভোকেট আফছার উদ্দিন খান মিডিয়াকে বলেন, “ভয় ভীতি ও হুমকি রয়েছে। সন্ত্রাসী ও খুনিরা আমার কর্মীদের আতঙ্কে রেখেছে। তিনি সরকার, নির্বাচন কমিশন ও মিডিয়াকে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে অনুরোধ করেন।”
সিপিবির প্রার্থী অ্যাডভোকেট আসাদুল্লাহ বাদল প্রতীক হাতে নিয়ে সাংবাদিকদের বলেন, “সুষ্ঠু নির্বাচন হলে তিনি ভাল ফলাফল করবেন। সবাইকে কাপাসিয়ার নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করতে সহযোগিতা করার আহবান জানান তিনি।
প্রসঙ্গত: ৩০ সেপ্টেম্বর গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত সিমিন হোসেন রিমি, আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত রিমির চাচা অ্যাডভোকেট আফছার উদ্দিন আহমদ খান ও সিপিবির অ্যাডভোকেট আসাদুল্লহ বাদল। প্রতীক বরাদ্দের পর পুরুদমে শুরু হলো কাপাসিয়ার নির্বাচন।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১২
প্রতিনিধি/ জেডএম