ঢাকা: বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসিকে “বিশ্বের সেরা ফুটবলার” বললেন জার্মান কিংবদন্তি গার্ড মুলার। রোববার রাতে গার্ড মুলারের ৪০ বছরের রেকর্ড ভেঙে এক বছরে সর্বোচ্চ গোলদাতার আসনটি দখল করেন মেসি।
স্প্যানিশ লিগের রোববারের ম্যাচে ২৫ মিনিটের মধ্যে মেসির জোড়া গোলে ২-১ ব্যবধানে রিয়াল বেটিসকে হারায় বার্সা।
খেলা শুরুর ১৬ মিনিটে নিজের প্রচেষ্টায় মুলারের রেকর্ড ছুঁয়ে ফেলেন মেসি। আর ৯ মিনিট পর, বছরের ৮৬তম গোলটি করে ৪০ বছর আগে জার্ড মুলারের গড়া রেকর্ড ভেঙে দেন এই আর্জেন্টাইন সুপারস্টার। ১৯৭২ সালে এক মৌসুমে ৮৫ গোল করে রেকর্ড গড়েছিলেন মুলার।
সংবাদ মাধ্যমকে গার্ড মুলার বলেন, “৬০টি খেলায় ৮৫টি গোল করার রেকর্ড ৪০ বছরের কেউ ভাঙতে পারেনি। আর এখন বিশ্বের সেরা খেলোয়াড়টিই রেকর্ডটি ভেঙেছে। আমি তার জন্য আনন্দিত। মেসি আসলেই একজন অবিশ্বাস্য খেলোয়াড়।”
মুলার আরও বলেন, “মেসি সত্যিই একজন পেশাদার খেলোয়াড়। চলতি মৌসুমে আরও দুয়েকটা গোল পেলে মেসি তার রেকর্ড ৪০ বছর পর্যন্ত ধরে রাখতে পারবে।”
বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১২
সম্পাদনা: কামরুননাহার, নিউজরুম এডিটর