 |
| ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
মুন্সীগঞ্জ: জেলা ছাত্রলীগ সভাপতিকে কেন্দ্রীয় যুবলীগ নেতার থাপ্পড় দেওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দি এলাকায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার দুপুর আড়াইটা থেকে ৩টা পর্যন্ত এ সড়ক অবরোধ করে রাখা হয়।
এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা সড়কি, বল্লম ও রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হলে পথিমধ্যে বালুয়াকান্দি এলাকার মেঘনা ভিলেজ পার্কের সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের প্রতিরোধ করে।
উল্লেখ্য, রোববার সকালে গজারিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার লক্ষ্যে বৈঠক চলছিল উপজেলার ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে। বৈঠকে সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমনকে থাপ্পড় দেন বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।
তবে ছাত্রলীগ নেতাকে থাপ্পড় দেওয়ার ঘটনা নিয়ে সড়ক অবরোধ ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় গজারিয়া উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণার কার্যক্রম স্থগিত করে দিয়েছেন নেতারা। এর ফলে নতুন কমিটি ঘোষণা ছাড়াই বৈঠক শেষ হয়।
ভাটেরচর দে এ মান্নান পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রেফায়েতউল্লাহ খান তোতা, কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম জীবনসহ কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতারা উপস্থিত ছিলেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, বৈঠকে কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব জেলা ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামন সুমনকে থাপ্পড় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার ঈমামপুর, টেঙ্গারচর ও হোসেন্দী এলাকার শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী সড়কি, বল্লম ও রাম দা নিয়ে বৈঠকে হামলার উদ্দেশ্যে রওনা হন।
তিনি আরও জানান, খবর পেয়ে বালুয়াকান্দি এলাকায় গিয়ে প্রতিরোধ করায় হামলার ঘটনা ঘটেনি। পরে উত্তেজিত নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান ওসি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী মশিউর রহমান রাসেল বাংলানিউজকে জানান, সাদা কাগজে স্বাক্ষর না দেওয়ায় কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামন সুমনকে থাপ্পড় দেন। এর প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, রোববার অনুষ্ঠিত বৈঠকে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের গঠনতন্ত্র অনুসারে সম্ভাব্য তালিকা তৈরি করা হয়েছে। এ তালিকা যাচাই-বাছাই করে কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করবেন।
তিনি অভিযোগ করেন, বৈঠকে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমন পক্ষপাতমূলক আচরন করেছেন। তবে, তাকে থাপ্পড় দেওয়া ঠিক হয়নি।
কেন্দ্রীয় যুবলীগ নেতা ফয়সাল আহমেদ বিপ্লব অভিযোগ করেন, এক প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বৈঠকে নেতাদের উপস্থিতিতে অসৌজন্যমূলক আচরণ করেন সুমন।
এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান সুমনের সঙ্গে একাধিকার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সেলফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
কাজী দীপু/ সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর