 |
ঢাকা: ভারতের বিস্তৃত রেলপথকে মানুষের নির্বিচার মলমূত্র ত্যাগের ক্ষেত্রে পরিণত হওয়া থেকে রক্ষা করতে ১৩ কোটি ডলার সমপরিমান অর্থের একটি প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করেছেন ভারতের পল্লী উন্নয়নমন্ত্রী জয় রাম রমেশ ।
এ প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ভারতের রেলপথকে ‘বিশ্বের সবচেয়ে বড় খোলা টয়লেট’ হিসেবেও উল্লেখ করেন তিনি।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৃহস্পতিবার এ ব্যাপারে অনুষ্ঠিত বৈঠকে তিনি বলেন, ভারতের ১৩ কোটি বসতবাড়ি ল্যাট্রিনের সুবিধা বঞ্চিত। তথ্য অনুযায়ী বিশ্বে খোলা জায়গায় মলমূত্র ত্যাগকারীদের মধ্যে একা ভারতীয়দের অংশগ্রহণই ৬০ শতাংশের বেশি।
এ সব পরিসংখ্যানকে গভীর লজ্জা, বেদনা, রাগ ও দুঃখের বিষয় বলে উল্লেখ করেন রমেশ। উল্লেখ্য, পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের পাশাপাশি জয়রাম রমেশ ভারতের বিশুদ্ধ পানি ও স্যানিটেশন বিষয়ক মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী।
এ পরিস্থিতি থেকে উত্তরণের উদ্দেশ্যে তিনি দেড়শ’ কোটি রুপি বরাদ্দের প্রস্তাব করেছেন। সারা ভারতের গ্রামীণ এলাকাগুলোতে দশ লাখ টয়লেট স্থাপনে এ অর্থ ব্যয় করার পরিকল্পনা তার।
এছাড়া অতিরিক্ত আরো ৫শ’ কোটি রুপি ব্যয়ের মাধ্যমে আগামী ৫ বছরের মধ্যে ভারতের ৫০ হাজার রেলওয়ে কামরায় অবস্থিত খোলা মুখের টয়লেটগুলো বদলে স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপনের প্রস্তাব দেন তিনি।
এ সময় রমেশ বলেন, ‘প্রতিদিন ১ কোটি ১০ লাখ যাত্রী বহন করা ভারতীয় রেলওয়ে সত্যি সত্যিই বিশ্বের সবচেয়ে বড় খোলা টয়লেট’। এ সব টয়লেট পুনঃস্থাপনের খরচের অর্ধেক তার মন্ত্রণালয় বহন করতে আগ্রহী বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর