চট্টগ্রাম: মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানকে গ্রেফতার, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, যুবদলের সহ-সভাপতি আবুল হাসেম বক্করসহ ৬৪ নেতা-কর্মীর নামে মামলার প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
মঙ্গলবার সন্ধ্যায় নগর বিএনপির কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বিএনপি নেতারা এ ঘটনার নিন্দা প্রতিবাদ জানান।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এম মোর্শেদ খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খন্দকার, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ বেগম রোজি কবির, চট্টগ্রাম মহানগর বিএনপি সহ-সভাপতি সামশুল আলম যৌথভাবে এ বিবৃতি পাঠান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার সারা দেশকে কারাগারে পরিণত করেছে। মামলা হামলা করে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। এভাবে স্বৈরাচারী কায়দায় দেশ চালিয়ে কখনো ক্ষমতায় টিকে থাকতে পারবে না।
অবিলম্বে বিএনপি নেতা আবু সুফিয়ানকে মুক্তি, ডা. শাহাদাত হোসেন, আবুল হাশেম বক্করসহ ৬৪জন নেতাকর্মীর নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।
উল্লেখ্য, মঙ্গলবার হরতাল চলাকালে বহাদ্দারহাট এলাকা থেকে নগর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কোতোয়ালি থানার দ্রুত বিচারের একটি মামলায় তাকে আদালতে হাজির করা করে। সেখান থেকে তাকে কারাগারে পাঠানো হয়।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গ্রেফতারের খবরে চট্টগ্রামে ভাঙচুরের ঘটনায় নগর বিএনপি সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় যুবদল সহ-সভাপতি আবুল হাশেম বক্করসহ ৬৪ নেতা-কর্মীর নামে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে পুলিশ।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
এমইউ/এআরএম/টিসি