 |
‘তোমার গল্পে সবার ঈদ’, দর্শকদের পাঠানো গল্প নিয়ে ঈদে বৈশাখী টিভি প্রচার হবে সাতটি নাটক। বৈশাখী টিভি’র এই উদ্যোগে দেশব্যাপী ব্যাপক সাড়া পড়েছে। গত ৮ জুলাই পর্যন্ত ৬ হাজারেরও বেশি গল্প জমা পড়েছে। এখন চলছে বাছাই প্রক্রিয়া।
গত ৮ জুলাই বৈশাখী টেলিভিশন কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বাছাই পর্বের উদ্বোধন করেন বৈশাখী টেলিভিশনের প্রধান স্পাদক ও প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল। এমন আয়োজনকে দেশে প্রথম উল্লেখ করে বাছাইকৃত অন্তত একশ’ গল্প নিয়ে সংকলন প্রকাশ করার পরিকল্পনার কথা জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন বার্তা প্রধান অশোক চৌধুরী, কর্পোরেট এ্যাফেয়ার্স প্রধান ফারহানা নিশো, অনুষ্ঠান প্রধান আহসান কবির, কমিশনিং এডিটর জাহিদ হোসেন শোভন, বিপনন বিভাগের ডিজিএম সজল সাহা, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ইসলাম শফিক, প্রোগ্রাম ম্যানেজার পলাশ মাহবুব এবং এই ইভেন্টের সহযোগী প্রতিষ্ঠান এশিয়াটিক মাইণ্ড শেয়ারের হেড অব মিডিয়া উইং জাহাঙ্গীর কবির।
ঈদকে সামনে রেখে বৈশাখী টেলিভিশন প্রথমবারের মতো দর্শকদের গল্প থেকে ৭টি ঈদের নাটক তৈরি করার লক্ষ্যে গত ২৯ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত ‘তোমার গল্পে সবার ঈদ’ শিরোনামে গল্প আহবান করে।
এই হাজার হাজার গল্প থেকে প্রাথমিক বাছাই করবেন বিশিষ্ট নাট্যকার ও নাট্য পরিচালক মোহন খান, প্রথমা প্রকাশনের সিইও সাহিত্যিক জাফর আহমেদ রাশেদ, এবং দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ওবায়েদ আকাশ। তাদের বাছাই করা ৩০ টি গল্প থেকে শ্রেষ্ঠ ৭টি গল্প নির্বাচন করবেন দেশের খ্যাতিমান দুই কথাসাহিত্যিক সেলিনা হোসেন ও ইমদাদুল হক মিলন।
এই ৭টি গল্প নিয়েই নাটক নির্মাণ করবেন দেশের প্রথিতযশা সাতজন নির্মাতা। আগামী ঈদের সময় বৈশাখীতে নানা আয়োজনের পাশাপাশি এই ৭ টি গল্প থেকে তৈরী নাটক প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে।
বাংলাদেশ সময় ১৯২০, জুলাই ১০, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় প্রধান, বিনোদন