 |
ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, কয়েকটি ব্যাংকে কর্পোরেট সুশাসন ও ঋণ ব্যবস্থাপনার দুবর্লতার সুযোগে বিপুল অংকের অর্থ আত্মসাতের ঘটনায় ব্যাংকিং খাতের ওপর কালো ছায়া ফেলেছে।
আর এটি ঋণ মঞ্জুরির বিধি ব্যবস্থার গুরুতর অবহেলা ও লঙ্ঘন বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (এবিবি) সঙ্গে বৈঠকে তিনি এমন মন্তব্য করেন।
গভর্নরের সভাপতিত্বে সভায় বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এসময় গভর্নর ব্যাংকারদের সর্তক করে দিয়ে বলেন, আর্থিক জালিয়াতি, প্রতারণা এবং এমন তৎপরতা রোধে ব্যাংকগুলোর বোর্ড ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা না নিলে বাংলাদেশ ব্যাংক কঠোর হবে। আর এ বিষয়টি মনে রেখে ব্যাংকারদের ব্যাংক শৃংখলা, অভ্যন্তরীণ নিরীক্ষা ও নিয়ন্ত্রণ কাঠামো কার্যকর ও জোরদার করতে হবে।
কোন গুরুতর অনিয়ম পাওয়া গেলে অবিলম্বে প্রাতিষ্ঠানিক ও ফৌজদারি ব্যবস্থা নিয়ে বাংলাদেশ ব্যাংকে জানানোর নির্দেশনাও দেন গভর্নর।
তিনি আরো বলেন, একটি ব্যাংকের তুলনামূলক একটি ক্ষুদ্র শাখার এই অনিয়ম বাংলাদেশ ব্যাংকের নজরে আসতে সময় লেগেছে। তবে ঋণ যোগানের বিষয়টি বড় অংকর হলেও সংশ্লিষ্ট ব্যাংকের স্বাভাবিত কার্যক্রম বিপন্ন হবার আশংকায় আতংকিত হবার নয়। তবে আমি বলতে চাই, প্রতারণা ও জালিয়াতির ঘটনা বের করা ব্যাংকগুলোর নিজেদের দায়িত্ব। তবে বাংলাদেশ ব্যাংক এটি করতে বিশেষ দল গঠন করতে যাচ্ছে।
গভর্নর বলেন, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠু ভাবে চালাতে ব্যাংকগুলোকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। তবে আপনারা জানেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতারণা প্রতিরোধযোগ্য নয়। তবে এ বিষয়ে ব্যাংকারদের সর্তক ও সক্রিয় থাকতে হবে।
এদিকে, ব্যাংকার্স সভার আগে বাণিজ্যিক ব্যাংকগুলোর চেয়ারম্যানদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এর সাথে বৈঠক করেন গভর্নর।
ব্যাংকিং খাতের দুটি সর্বোচ্চ নীতি নির্ধারণী দুটি ফোরামের সঙ্গে বৃহস্পতিবারের বৈঠকে ব্যাংকিং খাতের উদ্ভুত পরিস্থিতিসহ আরো কয়েকটি বিষয়ে আলোচনা হয়।
সূত্র জানায়, সকাল ১০ টায় ড. আতিউর রহমান প্রথমে বিএবি প্রতিনিধিদের সাথে বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে বৈঠক করেন। এরপর এগারোটায় গভর্নর বৈঠক করেন এবিবির সাথে।
জানা গেছে, বৈঠকে সংগঠনগুলোর পক্ষে বেশ কিছু দাবি উপস্থাপন করা হয়। এর অনেকগুলোর ক্ষেত্রে চেয়ারম্যান ও প্রধান নির্বাহীরা এক হয়ে কথা বলেন বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১২।
এসএআর/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর