ঢাকা: নাসার একটি নির্মাণাধীন চাঁদে অবতরণ যানের পরীক্ষামূলক উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়েছে। গত বৃহস্পতিবার কেনেডি মহাকাশ কেন্দ্রে ইঞ্জিনের পরীক্ষামূলক উড্ডয়ন করাতে গেলে তা বিস্ফোরিত হয়। যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা এ খবর জানিয়েছে।
তবে মনুষ্যবিহীন এ চন্দ্রযানের পরীক্ষামূলক উড্ডনের এ দুর্ঘটনায় কেউ আহত হয়নি। মরফিয়াস নামে এ যানটি উড়ানোর আগে অনেক ধরনের পরীক্ষা করা হলে এটিই তার প্রথম উড্ডয়ন ছিল বলে জানায় নাসা।
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, যানটি সামান্য উচ্চতা পর্যন্ত উঠার পর মাটিতে আছড়ে পড়ে। উড্ডয়নের মাত্র ৩০ সেকেন্ডের মাথায় এ ঘটনা ঘটে এবং এতে আগুন ধরে যাওয়ার পর বিস্ফোরিত হয়।
এ ব্যাপারে মরফিয়াস প্রকল্প ব্যবস্থাপক জন অলানসেন বলেন, “এটা একটি ক্ষতি। তবে আমরা এ ব্যর্থতার কারণ অনুসন্ধানে ও ঘটনা বোঝার জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করছি। এসব বিশ্লেষণ করে সামনে এগিয়ে যাওয়ার নির্দেশনা পাওয়া যাবে।”
পরিচালনা প্রকৌশলীরা বিধ্বস্ত যানটি থেকে মেমোরি ডিভাইস উদ্ধার করেছেন। সেখান থেকে তথ্য উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
মরফিয়াস চন্দ্রযানটি ভবিষ্যৎ চন্দ্রাভিযানের জন্য এক হাজার একশ’ পাউন্ড ওজন বহনে সক্ষম করে নির্মাণ করা হচ্ছিল। এতে জ্বালানি হিসেবে মিথেন ব্যবহার করা হয়েছিল। হাইড্রোজেন বা হাইড্রাজাইনের মতো তরল জ্বালানি ব্যবহারের চেয়ে মিথন জ্বালানি সংরক্ষণ ও নিয়ন্ত্রণ অনেক সহজ বলে জানায় নাসা।
অলাসেন আরো জানিয়েছেন, এ প্রকেল্পর পেছনে নাসা ৭০ লাখ ডলার খরচ করেছে। আড়াই বছরের প্রকল্প এটি। বৃহস্পতিবারের দুর্ঘটনায় ক্ষতি হল ৫ লাখ ডলার।
এ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পরবর্তী পদেক্ষপ নেওয়া হবে বলে জানান অলাসেন।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২ সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।