 |
| ছবিঃ আশিক/বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বেসরকারি টেলিভিশন একুশে টিভির প্রধান প্রতিবেদক ও মানি সুইম নামক এমএলএম কোম্পানির পরিচালক মাহাথীর ফারুকী খান ও তার স্ত্রী সিনথিয়া আলমগীরসহ বন্ধ হয়ে যাওয়া কোম্পানিটির কর্মকর্তাদের অবিলম্বে গ্রেফতারের দাবি করে গ্রাহকরা মানববন্ধন করেছেন।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘মানি সুইমের প্রতারিত গ্রাহক ফোরাম’ এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
মানববন্ধনে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগে বন্ধ হয়ে যাওয়া এমএলএম কোম্পানিটির অন্যান্য পরিচালকদের গ্রেফতার, শাস্তি ও লুন্ঠিত টাকা ফেরতের দাবি জানান মানি সুইমের সদস্যরা।
ফোরামের আহবায়ক শাহ পরান অভিযোগ করে বলেন, “প্রতারক মাহাথির ফারুকীর বিরুদ্ধে নানা অভিযোগ থাকার পরেও একুশে টেলিভিশ কর্তৃপক্ষ তার বিরুদ্ধে কোনো শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করেনি। বরং তাকে পদে বহাল রেখে প্রতারিত গ্রাহকদের নানাভাবে হয়রানি করার চেষ্টা করছে।”
মাহাথীর ফারুকীকে একুশে টেলিভিশন থেকে বহিষ্কার করার দাবি জানান তিনি।
মানি সুইমের কর্মকর্তা ওয়াকিদুজ্জামান ডাবলু, ওয়াসিম আহমদ ও ইব্রাহিম হাসান সোহাগেরও গ্রেফতার দাবি করা হয় মানববন্ধন থেকে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এনএম/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর