গাজীপুর: আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, কাপাসিয়ার জনগণ বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের সঙ্গে বেঈমানি করেননি। তার মেয়ের সঙ্গেও বেঈমানি করবেন না।
বুধবার সন্ধ্যা পৌনে ৬টায় গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কড়িহাতা রামপুর চৌরাস্তা মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দলীয় প্রার্থী সিমিন হোসেন রিমির সমর্থনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষনে তিনি এ সব কথা বলেন।
হানিফ আরো বলেন, ‘‘শহীদ তাজউদ্দিন আহমদ কাপাসিয়ার জনগনের জন্য সারা জীবন কাজ করেছেন। তাজউদ্দিন আহমদের পরিবার একই দায়িত্ব পালন করে আসছেন। ৩০ সেপ্টেম্বর উপ-নির্বাচনে কাপাসিয়ার ভোটাররা তাজউদ্দিনের কন্যা সিমিন হোসেন রিমিকে নৌকা প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করবেন বলে আশা করি।’’
কাপাসিয়া উপজেলার কড়িহাতা রামপুর চৌরাস্তা মাঠে বিকেল ৩টায় ওই জনসভার আয়োজন করা হয়। কড়িহাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুব মোরশেদ আফাজের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, আহাম্মদ হোসেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টঙ্গি পৌরসভার মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ খান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ কে এম এনামুল হক শামিম ও জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমানত হোসেন খান প্রমুখ।
জনসভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বঙ্গতাজ তাজউদ্দিন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।
রিমি তার বক্তব্যে বলেন, ‘‘আমি নৌকা প্রতীকে ভোট চাই। সকলের দোয়া চাই। আমি বাবার মতোই কাপাসিয়ার জনগণের পাশে থাকব। অসমাপ্ত কাজ সমাপ্ত করবো।’’
গাজীপুর জেলা ছাত্রলীগের নেতা জাহাঙ্গীর মোড়ল বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদককে কাপাসিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
রিপন আনসারী/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর