 |
ময়মনসিংহ: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে ৩ বার নির্বাচিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জালাল উদ্দিন তালুকদারের (৬১) প্রাথমিক ময়নাতদন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ময়নাতদন্ত শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান মঞ্জুরুল কাদের চুন্নু জানান, সাবেক সাংসদের মাথার ভেতরে পয়েন্ট টুটু বোর রিভলবারের গুলি পাওয়া গেছে।
এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
তবে ময়মনসিংহ জেলা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা. মতিউর রহমান ভূইয়া জানান, মাথায় গুলির আলামত পাওয়া গেছে। এটা নিহতের পরিবারের লোকজনকে জানানো হয়েছে। বুধবার সকালে ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্ট হস্তান্তর করা হবে।”
ময়নাতদন্ত চলাকালে নিহত জালাল উদ্দিন তালুকদারের ছেলে কুতুব উদ্দিন তালুকদার, মেয়ে জান্নাতুল ফেরদৌসি ঝুমাসহ অন্যান্য আত্মীয়-স্বজন হাসপাতালে উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাহমুদুল হাসান জানান, সাবেক সাংসদ জালাল উদ্দিন তালুকদারের ছেলে কুতুব উদ্দিন তালুকদার রয়েল মঙ্গলবার বিকেলে হাসপাতালে আসার পর বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শুরু হয়। শেষ হয় বিকেল সাড়ে ৫টার দিকে।
এদিকে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রায়ান বঙ্কিম হালদার মঙ্গলবার সন্ধ্যায় নিহতের লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করেছেন।
জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার আগেই মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জালাল উদ্দিন তালুকদার মারা যান।
তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যাওয়ায় সাবেক এ সাংসদের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বেঁধেছে।
সাবেক এ সাংসদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মঙ্গলবার দুপুর থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে তার লাশ দেখতে ভিড় করেন দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে সাবেক সাংসদের লাশ দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান ময়মনসিংহ-৪-সদর আসনের সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি প্রিন্সিপাল মতিউর রহমান, নেত্রকোনা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীসহ বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী।
তবে লাশ হাসপাতাল মর্গে থাকায় কেউই তা দেখতে পারেন নি। হাসপাতাল পরিচালকের সঙ্গে কথা বলেই হাসপাতাল থেকে বেরিয়ে যান দু’সাংসদ।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com