 |
ঢাকা: শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বিচার দাবি করেছেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন।
শনিবার রাজধানীর লেকসোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট পর্যালোচনা শীর্ষক সংলাপ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান।
তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, “তিন বছর হয়ে গেলো, কারা সেই ক্ষমতাধর, যাদের ধরা যায় না? কেন এখন পর্যন্ত কোন মামলা হলো না? কোন বিষয় তুললে বলা হয়, রাষ্ট্রদ্রোহী। শেয়ারবাজার থেকে যারা অর্থ লুটপাট করেছেন তারা কি?”
ড. কামাল বলেন, ‘অর্থমন্ত্রী ক্ষমতাহীন হতে পারেন। কিন্তু জনগণ ক্ষমতাহীন নয়। আমাদের নাম বলুন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। রাষ্ট্রের চেয়ে ক্ষমতাধর কেউ হতে পারে না। আমরা পাকিস্তানিদের হারিয়েছি।’
সাবেক মন্ত্রী এম সাইদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রী একে খন্দকার।
এছাড়া সাবেক আইনমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ রাজনীতিক, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বাজেট নিয়ে তাদের মতামত তুলে ধরেন।
কামাল হোসেন বলেন, “যারা শেয়ার বাজার থেকে টাকা তুলে নিয়ে গেছে তারা দেশের শত্রু। আগে পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হতাম। এখন দেশের মানুষ নির্যাতন করছে।”
ড. কামাল প্রশ্ন করেন, “শেয়ার বাজারের ডিমিউটুয়ালাইজেশন কেন হচ্ছে না? আর্থিক রিপোর্টিং কেন আগামী বছর? কেন এবছর নয়?”
দেশের আইনের শাসনের প্রসঙ্গ তুলে ড. কামাল বলেন, “এক দেশে দুই রকম আইন থাকতে পারে না। দল করলে তারা আইনের উর্ধ্বে থাকবেন। আর অন্যদের জন্য আরেক রকম হবে কেন?”
তিনি বলেন, “আইনের শাসন নিশ্চিত করবেন আদালত। কিন্তু সেখানে প্রশ্ন উঠছে। বিচারক নিয়োগ থেকে নানা ক্ষেত্রে অনিয়ম হচ্ছে। এটা মানা যায় না।”
অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “অর্থমন্ত্রী দুষ্টু বাজার বলে একে ছেড়ে দিতে পারেন না। গত এক বছর ধরে ঝামেলা চলছে। এর পেছনে জড়িতদের বিচার করতে হবে।”
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “শেয়ার বাজার কেলেঙ্কারির দায় থেকে এর নিয়ন্ত্রক সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন (এসইসি) কে বাদ দেওয়া যায় না।”
তিনি বলেন, “অর্থমন্ত্রী বলেছেন- এটা দুষ্ট বাজার। কিন্তু বাজার দুষ্ট হয় না। দুষ্ট লোকেরা বাজারে থাকলে বাজার দুষ্ট হয়। তখন নির্দেশনা দিয়েও উন্নতি হয় না। একটা দল এখানে কাজ করছে। যারা টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে।”
কিছু লোক বাজার নিয়ন্ত্রণ করলে এটা কখনো স্বাভাবিক হবে না উল্লেখ্য করে সাবেক এই মন্ত্রী বলেন, “কেলেংকারিদের আইনের আওতায় নিয়ে আসতে হবে। কেন তাদের নাম বলা যাবে না। বিচার করা যাবে না।”
বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, জুন ১৬, ২০১২
এসএআর/ সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন ও জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর