 |
রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যে কোনো মুহূর্তে জাতীয় পার্টির তৃতীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি এখন আর দুর্বল দল নয়, সুসংগঠিত দল।কেউ ইচ্ছা করলেই আর এ দলটিকে দুর্বল বানাতে পারবে না।’
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রংপুর মহানগরীর জিএল রায় রোডে জাপা এমপি আনিসুল ইসলাম মণ্ডলের সম্পাদনায় ‘দৈনিক আমাদের প্রতিদিন’ পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পত্রিকাটির সম্পাদক আনিছুল ইসলাম মণ্ডল এমপির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রংপুর মহানগর জাপা’র আহ্বায়ক মসিউর রহমান রাঙ্গা, সাবেক মেয়র একেএম আব্দুর রউফ মানিক, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুব সংহতির সভাপতি এসএম ইয়াসির, ছাত্র সমাজের সভাপতি আমিনুল ইসলাম, ফকরুল ইসলাম জাহাঙ্গীর, খোরশেদ আলম ও পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা আলী আশরাফসহ পত্রিকার কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এরশাদ আরও বলেন, ‘দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দু্ই নেত্রীকে রাজনীতি থেকে সরাতে হবে। দুই নেত্রী বাংলাদেশকে অনেক পেছনে ফেলে দিয়েছে।বাংলাদেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে হলে দুই নেত্রীকে রাজনীতি তেকে সরানোর কোনো বিকল্প নেই।জাতীয় পার্টিকে আবার ক্ষমতায় আনতে হবে।তা না হলে গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে।’
এসময় এরশাদ আগামী জাতীয় নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘দেশে গণতন্ত্র বলতে কিছুই নেই। গণতন্ত্র হরণ হয়ে গেছে।গণতন্ত্র্র প্রতিষ্ঠ করা কঠিন হয়ে পড়েছে।আমরা আর কাউকে ক্ষমতায় বসাবো না। নিজেরাই ক্ষমতায় বসবো’
সরকারের আচরণে দেশের মানুষের নাভিশ্বাস উঠেছে মন্তব্য করে এরশাদ বলেন, ‘ দেশের মানুষ আর খুন-খারাপি, রাহাজানি, গুম, ধর্ষণ দেখতে চায় না।তারা হানহানি করতে চায় না।সুখে-শান্তিতে দিনযাপন করতে চায়। এজন্য মানুষ আবার জাতীয় পার্টিকে ক্ষমতায় আনার স্বপ্ন দেখছে।’
জাপা প্রেসিডেন্ট বলেন, ‘সরকার উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা হরণ করেছে।তাদের নিধিরাম সর্দার করা হয়েছে।আমার আমলে উপজেলা চেয়ারম্যানরা ক্ষমতা পেয়েছিল।এখন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানদের সে ক্ষমতা না থাকায় তারা অলস সময় পার করছেন।’
এসময় তিনি সাংবাদিকদের সৎ ও নিরপক্ষে হয়ে কাজ করার পরামর্শ দেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর