 |
শিল্পী মোহাম্মদ কিবরিয়া নিরবচ্ছিন্ন চিত্রসাধনা ও চর্চার মধ্য দিয়ে এদেশের আধুনিক চিত্রশিল্পের বোধকে নানাভাবে আলোকিত করেছেন। তাঁর শিল্প-মনীষা, সৃজন ও মনন দ্বারা তিনি হয়ে উঠেছিলেন বাংলাদেশে শিল্প-আন্দোলনের পথ নির্মাণে অন্যতম শিল্পী।
প্রথম মৃত্যুবার্ষিকীতে শিল্পী মোহাম্মদ কিবরিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ ৭ জুন ২০১২ বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আলোচনা করেন অধ্যাপক মুস্তাফা নূর-উল ইসলাম, শিল্পী কাইয়ুম চৌধুরী, শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, সমাজকর্মী খুশী কবির, অধ্যাপক আবুল মনসুর ও অধ্যাপক মইনুদ্দীন খালেদ।
শিল্পী মোহাম্মদ কিবরিয়া জন্মগ্রহণ করেন ১৯২৯ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বীরভূমে। প্রয়াত হন ৭ জুন ২০১১ ঢাকায়।
১৯৫০ সালে কলকাতা সরকারী আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক পর্যায়ের শিক্ষা সমাপন এবং ১৯৫৬-৬২ সালে জাপানের টোকিও থেকে চিত্রকলায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, জাপানের সংস্কৃতিমন্ত্রীর পুরস্কারসহ অসংখ্য পুরস্কার লাভ করেন। ২০০৮ সালে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রফেসর ইমেরিটাস হিসেবে মনোনীত করা হয়।
বাংলাদেশ সময় ২০১০, জুন ৭, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক