ঢাকা: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে নির্মাণাধীন ফ্লাইওভারের( উড়াল সেতু) গার্ডার ভেঙে হতাহতের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতৃবৃন্দ।
গতকাল এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, “আওয়ামী লীগের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণেই বহদ্দারহাট ফ্লাইওভার ধসে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারের দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ এটি। অযোগ্য অথর্ব লোক দিয়ে ফ্লাইওভার নির্মাণের কাজ করায় পরপর তিনবার এ ফ্লাইওভার ধসের ঘটনা ঘটলো। এর দায় পুরোপুরি আওয়ামী লীগকেই নিতে হবে।”
দুর্ঘটনার জন্য আওয়ামী লীগ নেতা ও সিডিএ চেয়ারম্যান আবদুচ সালামকে দায়ী করে তার পদত্যাগের আহবান জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “এর সঙ্গে জড়িত সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদারসহ দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যেনো আর কেউ এ ধরণের দুর্নীতি করার সাহস না পায়।”
বিবৃতিতে নেতৃবৃন্দ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া ঢাকার আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ১১২ জনের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন ও মহান আল্লাহর দরবারে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন তারা।
বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১২
প্রেসবিজ্ঞপ্তি / সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর