 |
ঢাকা : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সাধারণ মূল্যসূচক সামান্য বেড়েছে । তবে আগের কার্যদিবস বৃহস্পতিবারের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১২৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৬ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৫৪১ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
ঈদের পর গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক বাড়ে ১২৭ পয়েন্ট ও লেনদেন হয় ৫২৫ কোটি টাকা। দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক ৪২ পয়েন্ট কমলেও লেনদেন হয়েছে ৬৩০ কোটি টাকা। তৃতীয় কার্যদিবস মঙ্গলবার সূচক কমে আরো ৪৯ পয়েন্ট ও লেনদেন হয় ৫৮০ কোটি টাকা। চতুর্থ কার্যদিবস বুধবার সূচক বেড়েছে ১৬১ পয়েন্ট এবং লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৭০৩ কোটি টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচক ফের ৬ পয়েন্ট কমে যায়। তবে ওইদিন লেনদেন হয় ৭৮৫ কোটি টাকা। যা গত চার মাসের মধ্যে ডিএসইর সর্বোচ্চ লেনদেন।
রোববার লেনদেনের শুরু থেকেই ডিএসইর সাধারণ সূচক বাড়তে থাকে। প্রথম ২০ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৫০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৮০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫২৭ পয়েন্টে উঠে আসে। তবে এরপর কিছুটা নিম্নমুখী হয় সূচক। পরবর্তীতে সকাল ১০টা ৫৫ মিনিটে ৬৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১৫ পয়েন্টে, ১১টা ১০ মিনিটে ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৮৫ পয়েন্টে, সোয়া ১২টায় ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬২ পয়েন্টে, সাড়ে ১২টায় ২৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭৩ পয়েন্টে, ১টা ২০ মিনিটে ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৪৩৮ পয়েন্টে, ২টায় ২৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৭১ পয়েন্টে স্থির হয়।
দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫২ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে- তিতাস গ্যাস, বিএসসিসিএল, ইউনিক হোটেল, কেপিসিএল, ইউনাইটেড এয়াওয়েজ, সামিট পাওয়ার, সায়হাম কটন, গোল্ডেন সন, বেক্সিমকো ও এমআই সিমেন্ট।
অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ০ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৫৩৭ দশমিক ৮২ পয়েন্টে।
সিএসইতে লেনদেন হয়েছে মোট ৬৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর