 |
ঢাকা: দক্ষিণ অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা শুরু করেছে এমিরেটস এয়ারলাইন্স। এর আগে ২০১২ সালের নভেম্বর মাসে চারটি সাপ্তাহিক ফ্লাইট দিয়ে এমিরেটস এডিলেডে তাদের কার্যক্রম শুরু করে।
দৈনিক ফ্লাইট চালুর ফলে দুবাই-অ্যাডিলেড রুটে সপ্তাহে এক হাজার ৬২টি অতিরিক্ত যাত্রী আসন পাওয়া যাবে এবং প্রতি বছর প্রায় ২ লাখ যাত্রী ভ্রমণ করবে বলে আশা করা হচ্ছে।
দুবাই-অ্যাডিলেড রুটে বিরতিহীন ১৩ ঘণ্টা ফ্লাইট পরিচালনায় এমিরেটস ৩৫৪ যাত্রী বহন ক্ষমতাসম্পন্ন বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ব্যবহার করছে। উড়োজাহাজটিতে ৮টি প্রথম শ্রেণীর ব্যক্তিগত স্যুইট, ৪২টি বিলাসবহুল বিজনেস শ্রেণী ও ৩০৪টি আরামদায়ক ইকোনমি শ্রেণী আসন রয়েছে। এটি ১৪ টন পর্যন্ত মালামাল পরিবহন করতে সক্ষম।
এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালেম ওয়ারদালা বলেন, “দক্ষিণ অস্ট্রেলিয়ায় ফ্লাইট চালুর পর আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। ডিসেম্বর ও জানুয়ারি মাসে লোড ফ্যাক্টর ছিল গড়ে ৮৫ থেকে ৯০ শতাংশ।”
অ্যাডিলেড অস্ট্রেলিয়ায় এমিরেটসের পঞ্চম গন্তব্য। এমিরেটসের সঙ্গে অস্ট্রেলিয়ার বিমান সংস্থা কান্টাসের বহু প্রতীক্ষিত অংশীদারিত্ব বর্তমানে সরকার ও নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৩
আইএইচ/ সম্পাদনা: হাসান শাহরিয়ার হৃদয় ও রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর