কক্সবাজার: কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও ফরিদ কলেজ সংলগ্ন ব্রীজ ফাটলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ঈদগাঁও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সিকদার বাংলানিউজকে জানিয়েছেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ঈদগাঁও ফরিদ কলেজ সংলগ্ন ব্রীজটি পাহাড়ি ঢলের কারণে গর্তের সৃষ্টি এবং ফাটল দেখা দেয়। এতে কক্সবাজার-চট্টগ্রাম সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে এলাকার লোকজন বাঁশ এবং বালির বস্তা দিয়ে সেতুটি রক্ষার চেষ্টা চালাচ্ছেন।
স্থানীয় লোকজন বাংলানিউজকে জানিয়েছেন, ব্রীজের এক পাশে বিশাল আকারের একটি গর্তের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকাল থেকে টানা ভারী বর্ষর্ণের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে যে কোন মুহুর্তে ব্রীজ ধসে পড়বে। ফলে বিধ্বস্ত হওয়ার আশঙ্খায় উভয় পাশের সকল প্রকার যানবাহন আটকা পড়েছে। এতে উভয় পাশে যানজটের সৃষ্টি হয়েছে।
কক্সবাজারের বিভিন্ন পরিবহন কতৃপক্ষ জানিয়েছে, এর কারণে রাত ১১টা থেকে চট্টগ্রাম, ঢাকাগামী পরিবহণের যাত্রা বাতিল করা হয়েছে।
বাংলাদেশ সময় : ০৪১৬ ঘন্টা, জুন ২৭, ২০১২
নুপা আলম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর