 |
২৬ জুন মঙ্গলবার প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহবায়ক কামাল লোহনী’র ৭৮তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় তার ধানমণ্ডির বাসভবনে এক অনুষ্ঠানের আয়োজন করেছে তার শুভানুধ্যায়ীরা।
কামাল রোহানীর জন্ম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার খান সনতলা গ্রামে ১৯৩৪ সালের ২৬ জুন। কামাল লোহানী নামেই সমধিক পরিচিত হলেও পারিবারিক নাম তাঁর আবু নঈম মোহাম্মদ মোস্তফা কামাল খান লোহানী।
তার বাবা আবু ইউসুফ মোহাম্মদ মুসা খান লোহানী ও মা রোকেয়া খান লোহানী।
কামাল লোহনী প্রথমে কলকাতার শিশু বিদ্যাপীঠে পড়াশোনা শুরু করেন।পরে দেশভাগ হলে ১৯৪৮ সালে পাবনা চলে আসেন। ভর্তি হন পাবনা জিলা স্কুলে। ১৯৫২ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হন পাবনা এডওয়ার্ড কলেজে। এই কলেজ থেকেই উচ্চমাধ্যমিক পাস করেন।
আর উচ্চমাধ্যমিক পাস করার পরই প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি টানেন তিনি।
কর্মজীবনে কামাল লোহানী `দৈনিক আজাদ`, `দৈনিক সংবাদ`, `দৈনিক পূর্বদেশ`, `দৈনিক বার্তা`সহ বিভিন্ন পত্রিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।
তিনি সাংবাদিক ইউনিয়নে দু’দফায় যুগ্ম-সম্পাদক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হন। তিনি গণশিল্পী সংস্থারও সভাপতি হন।
এছাড়া তিনি উদীচী শিল্পী গোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা।
১৯৬২ সালে স্বল্পকাল কারাবাসের পর কামাল লোহানী `ছায়ানট` সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সাড়ে চার বছর এই দায়িত্ব পালন করেন। এরপর মার্কসবাদী আদর্শে ১৯৬৭ সালে গড়ে তোলেন `ক্রান্তি`।
বর্তমানে তিনি বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা জাতীয় কমিটির আহবায়কের দায়িত্ব পালন করছেন।
বাসার ঠিকানা: মধুরিমা ৫/বি, বাসা নং-১১, রোড-১৩, ধানমন্ডি।
বাংলাদেশ সময় ১৮৪৩, জুন ২৫, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক