ঢাকা: মৎস্য সম্পদ ও জেলে সম্প্রদায়কে রক্ষা করাসহ পাচঁদফা দাবিতে মানববন্ধন করেছে মৎস্যজীবী জেলে সমিতি। দাবি আদায় করার লক্ষে আগামী ৩০ জুলাই দেশের সকল উপজেলায় জমায়েত ও নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করবে।
শুত্রুবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে তারা এসব দাবি জানান।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি ইসরাইল পণ্ডিত বাংলানিউজকে বলেন, দেশের সকল নদীর উজানে আন্তর্জাতিক বাধ, বিদেশি মৎস্যজীবী জেলেদের মৎস আহরণ ও জলদস্যুদের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছি। এ অবস্থা আমাদের আন্দোলন করা ছাড়া অন্য কোনো পথ নেই।
তিনি জানান, বর্তমান সরকার ঝাটকা আহরণকারী জেলেদের পুনর্বাসন ও খাদ্য প্রদানের প্রকল্প গ্রহণ করেছে। এর আওতায় এক ৮৩ লাখ ৮৩ হাজার জেলেকে মাসে ৩০ কেজি চাল প্রদান করার কথা রয়েছে। অথচ সরকারের সেই নিয়মনীতি তোয়াক্কা না করে ইউপি মেম্বার ও চেয়ারম্যানরা লুটপাট করছে।
জেলেরা এসব অন্যায়ের প্রতিবাদ করার কারণে অনেক সময় জেলেদের মারধর করা হয়।
সরকার প্রকৃত জেলেদের চিহ্নিত করার জন্য আইডি করার ব্যবস্থা করলেও তাতে ক্ষমতার অপব্যবহার করে প্রকৃত জেলেদের বাদ দেওয়া হচ্ছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হোসেন সিকদার, সাংগঠনিক সম্পাদক মুরাদ পারভেজ প্রমুখ।
বাংলাদেশ সময় ১৫৪৫ ঘণ্টা, জুলাই ০৬ ২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর