 |
ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পরে (সাড়ে ১১টায়) লেনদেন শুরুর কারণ জানতে চেয়েছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
উল্লেখ্য, ডিএসইতে গত সপ্তাহের চর্তুথ কার্যদিবস বুধবার ও চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার কারিগরি সমস্যার কারণে নির্ধারিত সময়ের (সাড়ে ১০টা) এক ঘণ্টা পর লেনদেন শুরু হয়।
তবে এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনকে (এসইসি) ডিএসই কিছু না জানানোর কারণে দেরিতে লেনদেন শুরুর কারণ জানতে চেয়ে রোববার ডিএসইকে একটি চিঠি পাঠায় এসইসি।
রোববার বিকেলে এসইসির উপপরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম স্বাক্ষরিত এ-সংক্রান্ত একটি চিঠি ডিএসইকে পাঠানো হয়।
লেনদেন পেছানোর কারণ জানতে চেয়ে এসইসির পাঠানো চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা মোশাররফ এম হোসেন।
তিনি জানান, এটি একটি স্বাভাবিক বিষয়। নিয়ন্ত্রক সংস্থা এসইসি যে কোনো বিষয় জানতে চেয়ে চিঠি পাঠাতে পারেন।
এসইসির ওই চিঠিতে বলা হয়, সম্প্রতি এসইসি লক্ষ করেছে যে, ডিএসইর ট্রেডিং সিস্টেম নিয়ন্ত্রণহীনভাবে চলছে। লেনদেন দেরিতে শুরু হওয়ার নতুন এই সমস্যা বাজারের মূলধনের ওপর প্রভাব ফেলছে বলে চিঠিতে বলা হয়।
চিঠিতে আরও বলা হয়, ডিএসইতে চলতি সপ্তাহের রোববারসহ একাধিকবার কারিগরি ত্রুটির কারণে লেনদেন পেছানোর ঘটনা ঘটে। কিন্তু বিষয়টি লেনদেন শুরুর আগে নিয়ন্ত্রক সংস্থা এসইসিকে অবহিত করা হয়নি, যা এসইসির কাছে অপ্রত্যাশিত বলে মনে হয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯ এর ধারা ৬(৩) মোতাবেক কারিগরি ত্রুটির বিষয়টি ডিএসইসির কাছে ব্যাখ্যা চেয়েছে এসইসি।
এদিকে ডিএসইর পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি ব্যাখ্যা দেওয়া হয়েছে। রোববার ডিএসইর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ওই ব্যাখ্যায় বলা হয়, গত বুধবার নতুন একটি কোম্পানি লেনদেন শুরুর ক্ষেত্রে বিভিন্ন ব্রোকারেজ হাউসে কিছু কারিগরি সমস্যা দেখা দেয়। বিষয়টি তখন সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠানকে (চেনজিং সলিউশনস লিমিটেড) জানানো হয়।
এরপর চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রোববারও একই সমস্যা দেখা দেয়।পরে ডিএসইর নিজস্ব কারিগরি দল সমস্যা সমাধান করতে সক্ষম হন। এ ছাড়া সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান চেনজিং সলিউশনস লিমিটেডও সমস্যা সমাধান করে।
তবে লেনদেন শুরুত কিছুটা বিলম্ব হলে বিনিয়োগকারীদের আতঙ্কিত না হওয়ার জন্য ডিএসই কর্তৃপক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ১০ ডিসেম্বর, ২০১২
এইচএমএম/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর