জেদ্দা: সৌদি আরবের বানিজ্যিক নগরী জেদ্দার কাবাশিশ রেস্টুরেন্ট হল রুমে বৃহত্তর নোয়াখালী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি আক্কাস মিয়া সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব নাজমুস সাদাত সেলিম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির বেগমগঞ্জ আসনের সাংসদ বরকত উল্লাহ বুলু, আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ মনির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্টা. স্কুল (ইংলিশ মাধ্যম) জেদ্দার চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির, বৃহত্তর নোয়াখালী সমিতির উপদেষ্টা মোশারফ হোসাইন, বিএনপি নেতা আব্দুর রহমান প্রমুখ।
ইফতার ও দোয়া মাহফিল সঞ্চালনা করেন শাহজাহান সিরাজী।
প্রধান অতিথির বক্তৃতায় জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব নাজমুস সাদাত সেলিম সামাজিক সংগঠন হিসেবে বৃহত্তর নোয়াখালী সমিতির প্রশংসা করে বলেন, বিপদাপন্ন প্রবাসীদের সহায়তা, অসুস্থদের চিকিৎসা এবং মৃত বাংলাদেশিদের লাশ দাফন প্রক্রিয়ায় সমিতির ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি সমাজকল্যাণমূলক কাজে প্রবাসীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। প্রবাসীদের সৌদি আরবের আইন মেনে চলার পরামর্শও দেন তিনি।
বিএনপির সাংসদ বরকত উল্ল্যা বুলু তার বক্তৃতায় প্রবাসে এরকম আয়োজনের জন্যে নোয়াখালী সমিতির সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সকল প্রবাসীদের সচেতন হওয়ার আহ্বান জানান। লন্ডনন্থ আল কোরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ মাওলানা মনির উদ্দিনকে তার দ্বীনি কার্যকমের জন্যেও সাধুবাদ জানান বক্তারা।
স্বাগত বক্তব্যে আল কোরআন একাডেমি লন্ডনের চেয়ারম্যান হাফেজ মনির উদ্দিন আহমেদ বলেন, লন্ডনস্থ কোরআন একাডেমি বাংলা ভাষাভাষী সকলের মাঝে বাংলা তরজমাসহ পবিত্র কোরআন পৌঁছে দেওয়ার জন্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা প্রভৃতি অঞ্চলে কোরআন বিতরণের কার্যক্রম এগিয়ে চলেছে। নতুন প্রজন্মের হাতে কোরআন তুলে দিতে এবং তারা যেন এর অর্থ বুঝতে পারে সে ব্যাপারে যত্নবান হওয়ার জন্যে তিনি আহ্বান জানান।
সভাপতির সমাপনী বক্তৃতায় মোহাম্মদ আক্কাস মিয়া ইফতার মাহফিলে যোগদানের জন্যে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সামাজিক নেতা, মিডিয়া প্রতিনিধিসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান সুন্দর ও সফল করার জন্যে তিনি সমিতির সদস্যদেরও ধন্যবাদ জানান।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর