চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার সদরঘাট থেকে রফতানির জন্য তৈরি পোশাক ডাকাতিকালে ২ জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
এরা হলো- মোঃ আলমগীর (৩০) এবং মোঃ হেলাল (২৫)। সময় একটি কন্টেইনার মুভার এবং কাভার্ডভ্যানও আটক করা হয়। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তারেক আহমদ বাংলানিউজকে বলেন, বুধবার রাতে নগর গোয়েন্দা পুলিশের একটি দল কোতোয়ালি থানার সদরঘাট এলাকায় কালিবাড়ী এলাকায় টহল দিচ্ছিল। এ সময় তারা দেখতে পান কয়েকজন ব্যক্তি ৪০ ফুট লম্বা কন্টেইনার মুভার থেকে একটি কাভার্ডভ্যানে মালামাল তুলছে।
তিনি বলেন, পুলিশ জানতে চাইলে মালামাল ওঠা নামার কাজে ব্যস্ত তিনজন দৌড়ে পালিয়ে যায়। পরে দু’জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা কন্টেইনার থেকে রফতানির জন্য চট্টগ্রাম বন্দরে নেয়ার সময় ডাকাতি করছিল বলে জানায়।
তারেক আহমদ জানান, নগরের সিটি গেট এলাকার গোল্ডেন কন্টেইনার ইয়ার্ড থেকে চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) বিদেশি কারখানা ইয়ংওয়ান নামক কারখানার তৈরি ৯০০ কার্টুন টি-শার্ট জার্মানিতে রফতানির জন্য বন্দরে নেয়া হচ্ছিল।
তিনি বলেন, আটক হেলাল পুলিশের তালিকাভুক্ত ডাকাত। তার বিরুদ্ধে পটিয়া থানায় দু’টি মামলা আছে।
এ ঘটনায় চালকদের কাউকে আটক করা যায়নি।
তবে কন্টেইনার মুভার ও কাভার্ড ভ্যান আটক করে থানায় রাখা হয়েছে ।
বাংলাদেশ সময় : ১৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমবিএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com