 |
| ছবি:সবিতা/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম |
ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এমপি বলেছেন, উচ্চ আদালত থেকে বিএনপির শীর্ষ নেতারা জামিন পাওয়ার পরেও তাদের মুক্তি বিলম্বিত করতে নতুনভাবে ষড়যন্ত্র শুরু করেছে সরকার। নেতারা যাতে ১১ জুনের সমাবেশে অংশ নিতে না পারেন, সেজন্যই এ ষড়যন্ত্র চলছে।
তিনি হুশিয়ার করে বলেন, সরকার যতোই ষড়যন্ত্র করুক আইনি লড়াইয়ের মাধ্যমে তাদের মুক্ত করে আনা হবে। সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আইনের শাসনে বিশ্বাস করলে নেতাদের মুক্তি দিন।’
শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী তরুণ দল আয়োজিত ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে মানবন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তত্ত্বাবধায়ক প্রশ্নে শুক্রবার প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাবে মওদুদ বলেন, ‘আপনি আপনার অবস্থান থেকে সরে না এলে দেশে যে কোনো পরিস্থিতির জন্য আপনি দায়ী থাকবেন।
তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ১১ জুনের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করবেন খালেদা জিয়া। এর আগেই নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করে জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করুন।’
মওদুদ বলেন, ঘোষিত বাজেট এ সরকারের অদক্ষতা দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। অর্থমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, গত বছরে কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জন, রেমিটেন্স, বিনিয়োগসহ অর্থনীতির প্রতিটি সূচকই কমে গেছে। এ সরকার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে ব্যর্থ হয়েছে। বিশাল অঙ্কের এ বাজেট কোনোভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন তিনি।
তরুণ দলের আহ্বায়ক ডা. মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ঢাকা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, তরুণ দলের সাধারণ সম্পাদক এম সাইদ খান, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মো. রহমতুল্লাহ প্রমুখ।
বাংলাদেশ সময় : ১২৪১ ঘণ্টা, জুন ০৯, ২০১২
এনএম/এমআইএইচ/ সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর